কাশ্মীরে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়, হতাহত কয়েকজন, বন্যায় ভেসে গেল বাড়িঘর
জম্মু ও কাশ্মীর সপ্তাহভরের অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত। এর ফলে একাধিক মহাসড়ক বিচ্ছিন্ন, গ্রামগুলো প্লাবিত এবং শত শত মানুষ আটকে পড়েছেন। রামবান জেলায় নতুন করে মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে।
প্রশাসন জানিয়েছে, শুক্রবার রামবান জেলায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে সৃষ্ট আচমকা বন্যায় তিনজন নিহত এবং অন্তত চারজন নিখোঁজ হয়েছেন। ভূস্বর্গের শ্রীনগর থেকে রামবানের দূরত্ব প্রায় ১৩৬ কিলোমিটার।

জানা গিয়েছে, রাজগড় এলাকার উঁচু অঞ্চলে প্রবল বৃষ্টি এবং মেঘ ভাঙা বৃষ্টির কারণে এই বন্যা হয়েছে, যা বহু ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি করেছে। কয়েকটি ঘরবাড়ি প্রবল জলস্রোতে সম্পূর্ণরূপে ভেসে গিয়েছে।
বর্তমানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তার জন্য দল পাঠিয়েছে। জম্মু ও কাশ্মীর গত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টিতে প্লাবিত, নদীগুলো উপচে পড়েছে, বন্যার জল সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং পাহাড় থেকে পাথর, গাছ ও মাটি ধসে পড়েছে।
জম্মু-শ্রীনগর জাতীয় মহাসড়ক উপত্যকাকে দেশের বাকি অংশের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক, গত পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। এই সপ্তাহের শুরুতে প্রবল বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে উধমপুর জেলার জাখেনি ও চেনানির মধ্যে ভূমিধসের ফলে ২ হাজারের বেশি যানবাহন আটকে পড়েছে।
এছাড়াও ভূমিধস এবং ভাঙনের কারণে জম্মু অঞ্চলের ৯টি জেলা সড়ক বন্ধ রয়েছে। কয়েক দিনের অবিরাম বৃষ্টির পর জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উধমপুরের কয়েক ডজন গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে।












Click it and Unblock the Notifications