লাঠি দিয়ে ইভিএমে চাপ, বিহার বিধানসভা ভোটের প্রাক্কালে কি কি সতর্কতা নিচ্ছে কমিশন
করোনা আবহের মাঝে বিহারে সঠিক সময়ে নির্বাচন সম্ভব কিনা তা নিয়েই গত মাস থেকেই চাপানউতোর চলছিল রাজনৈতিক মহলে। তবে নির্বাচন কমিশনের সম্প্রতি জানিয়েছে অক্টোবর-নভেম্বরে নির্দিষ্ট নির্ঘণ্ট মেনেই হতে চলেছে বিহারের বিধানসভা নির্বাচন। তবে করোনা মহামারির জেরে নির্বাচন বিধিতে বেশ কিছু পরিবর্তন আনছে কমিশন।

নতুন স্বাস্থ্যবিধির কথা জানান মুখ্য নির্বাচনী অধিকর্তা
এদিকে করোনা আক্রান্ত ও উপসর্গ যুক্ত ৬৫ বছরের বেশি বয়স্ক ভোটারদের জন্যও বৃহস্পতিবার নতুন সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। স্বাস্থ্যবিধি মেনে ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের জন্য বিশেষ ভাবে পোস্টাল ব্যালট ব্যবহারের কথাও জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকর্তা এইচআর শ্রীনিবাস। পাশাপাশি আরও একাধিক স্বাস্থ্যবিধির কথাও জানিয়েছেন তিনি।

কাঠির লাঠি দিয়ে ভোটদান
পাশাপাশি ভোটগ্রহণের সময় সাধারণ ভোটারদের জন্যও বেশ কিছু নতুন স্বাস্থ্যবিধির কথা শোনা যায় বিহারের মুখ্য নির্বাচনী অধিকর্তার গলায়। এই প্রসঙ্গে শ্রীনিবাস জানান, যারা ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রগুলিতে আসতে চান তাদের জন্যও ইভিএম মেশিনে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হচ্ছে। করোনা সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা হিসাবে ইভিএম বোতামটিতে চাপ দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের হাতে ছোট ছোট কাঠের লাঠি দেওয়া হবে বলেও জানা যাচ্ছে।

ভোটারদের মাস্ক দেবে নির্বাচন কমিশন
পাশাপাশি ভোট গ্রহণকেন্দ্রে ঢোকার আগে প্রত্যেকের জন্য স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ভোট দেওয়ার লাইনে দাঁড়ানো কোনও ব্যক্তির মুখে যদি মাস্ক না থাকে তাহলে তাদের নির্বাচন কমিশনের তরফে থ্রি-প্লাই খাদি মাস্ক দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্র গুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে একটি বুথে ১ হাজারের বেশি ভোটার ভোট দিতে পারবেন না বলে জানা যাচ্ছে। একইসাথে ৬৫ বছরের বেশি ভোটারদের পাশাপাশি ১৮ হাজারেরও বেশি শতবর্ষী ভোটারদের ভোটদান নিশ্চিত করার জন্য পোস্টাল ব্যালোটে ভোট নেওয়ার প্রস্তুতিও পুরোদস্তুর শুরু হয়েছে।

তৈরি হতে চলেছে ৪৫ শতাংশ নতুন বুথ
এদিকে সমাজাকি দূরত্ব বজায় রাখতে প্রতিটি বুধে ১ হাজার ভোটারের সীমা নির্দিষ্ট করে দেওয়ার পর নির্বাচন কমিশনকে বর্তমানে নতুন ভোট গ্রহণ কেন্দ্র তৈরি করতে হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, এরজন্য রাজ্যকে বর্তমানে প্রায় ৪৫ শতাংশ নতুন বুথ তৈরি করতে হবে। বর্তমানে বিহারে ১.৯৮ কোটি ভোটারের বয়স ৩২ থেকে ৩৯ বছরের মধ্যে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে ৮.৭০ লক্ষ ভোটারের বয়স ৭০ বছরের বেশি। পাশাপাশি এই বছর আরও ৭.৪৩ লক্ষ নতুন ভোটারও প্রথমবার ভোটদান করতে চলেছে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications