যেই ৬ ধাপে করোনা সংক্রমণ রোধের পথে দিল্লি, লাগু হচ্ছে 'অপারেশন শিল্ড'
করোনা সংক্রমণের জেরে দেশের মতো জর্জরিত রাজধানী দিল্লিও। আর এবার দিল্লিতে সংক্রমণের হার কমাতে কেন্দ্রের পাশাপাশি তৎপর হল রাজ্য সরকারও। এই বিষয়ে বৃহস্পতিবার একটি টুইট করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওযালের দফতরের তরফে। বলা হয়, অপারেশন শিল্ড নামক এই পদক্ষেপে থাকবে ৬টা ধাপ। যার মাধ্যমে দিল্লিতে সংক্রমণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে।

করোনা সংক্রমণ রোখার বিষয়ে যা বললেন কেজরিওয়াল
এদিন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বিষয়ে বলেন, 'রাজ্যের ২১টি এলাকাকে সংক্রমিত হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকা সিল করা হয়েছে। নাগরিকদের এই এলাকাতে যাওয়া বা সেখান থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই এলাকার নাগরিকদের হোম কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। বাড়ি ছাড়তে নিষেধ করা হয়েছে। এলাকার সংক্রমিতদের চিহ্নিত করে আইসোলেট করা হবে। যারা সংস্পর্শে এসেছে তাঁদের খুঁজে বের করা হবে।'

অপারেশন শিল্ডের ছয়টি ধাপ
এই অপারেশন শিল্ডের ছয়টি ধাপ আছে। সেই ধাপগুলো হল : হটস্পট হিসাবে চিহ্নিত জায়গাগুলি সিল করা, হোম কোয়ারান্টাইন, আইসলেশন এবং চিহ্নিতকরণ, অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ, সাফাই অভিযান আর দরজায়-দরজায় গিয়ে খবর নেওয়া। বাসিন্দাদের মধ্যে কেউ করোনা আক্রান্ত হলে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হবে।

দিল্লির ২১ এলাকাকে সিল করা হয়েছে
দিল্লির ২১ এলাকাকে তীব্র সংক্রামিত অঞ্চল হিসেবে চিহ্নিত করার পরে সিল করে দেওয়া হয়েছে। এই সমস্ত এলাকায় প্রবেশ ও সেখান থেকে প্রস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, মালব্য নগর, বাঙালি বাজার, ময়ুর বিহার, দ্বারকা, নিজামুদ্দিন, সীমাপুরী, ঝিলমিল-সহ ২১টি এলাকা এই শিল্ডের অন্তর্ভুক্ত।

দিল্লিতে মোট সংক্রমিত ৬৬৯
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৯৩ জনের দেহে সংক্রমণ মিলেছে। মোট সংক্রমিত ৬৬৯। মৃতও ৯ আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। এদিকে দেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনার জেরে মারা গিয়েছেন ৩৩ জন। এদের মধ্যে ২৫ জনই মারা গিয়েছেন মহারাষ্ট্রে। এর জেরে দেশে এখন করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯-তে।

দেশে মোট সংক্রমিত ৬,৪১২ জন
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দেশে এখন মোট সংক্রমিত ৬,৪১২ জন। এর মধ্যে আবার ভারতে এই রোগের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে মহারাষ্ট্রে, সেখানে এখনও পর্যন্ত ১,৩৬৪ জন করোনা পজিটিভ।












Click it and Unblock the Notifications