Delhi Result 2025: দিল্লি ভোটে কংগ্রেসের উদ্বেগজনক পরিস্থিতি, জামানত রক্ষা করতে পারলেন মাত্র তিন প্রার্থী
শনিবারই দিল্লি ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। আপ সরকারের পতন ঘটেছে। দিল্লির ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু এবারও দিল্লিতে হতাশাজনক ফলাফল করেছে কংগ্রেস। দীর্ঘদিন রাজধানীতে ক্ষমতায় ছিব হাত শিবির। কিন্তু বিগত ১ দশকে কংগ্রেস দিল্লিতে কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে।
দিল্লিতে ২২টি আসন দখল করে আপ। বিজেপি পেয়েছে ৪৮টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬টি আসন। কিন্তু একটি আসনেও খাতা খুলতে পারেনি কংগ্রেস। এই নিয়ে টানা তিনবার শূন্যের হ্যাটট্রিক করল কংগ্রেস। এই ভোটের ফলাফল বিশ্লেষণ করলে আরও উদ্বেগজনক তথ্য উঠে আসছে কংগ্রেসের জন্য। দিল্লিতে মোট ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জামানত জব্দও হয়েছে কংগ্রেস প্রার্থীদের।

ফলাফল বলছে এবার দিল্লি বিধানসভা কেন্দ্রে সাড়ে ৬ শতাংশের কাছাকাছি ভোট পেয়ছে কংগ্রেস। গত বারের তুলনায় ২ শতাংশ বেশি। কিন্তু ভোটের শতাংশ বৃদ্ধি পেলেও কংগ্রেস প্রার্থীরা মানরক্ষা করতে ব্যর্থ। সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে, দিল্লি ভোটে ৬৯৯ জন প্রার্থী হয়েছিলেন । তাঁদের মধ্যে ৫৫৫ জনেরই জামানত জব্দ হয়েছে। যা মোট প্রার্থীদের ৭৯.৩৯ শতাংশ।
৭০টি আসনের মধ্যে কংগ্রেসের তিন প্রার্থী জামানত রক্ষা করতে পেরেছেন। এই তিন জন হলেন কস্তুরবা নগরের প্রার্থী অভিষেক দত্ত, নাঙ্গলোই জাট কেন্দ্রের প্রার্থী রোহিত চৌধরি, পাশাপাশি তালিকায় আছেন বদলির কেন্দ্রের কংগ্রেস প্রার্থী দেবেন্দ্র যাদব। বাকি সবাই জামানত রক্ষার মতো ভোটও জোগার করতে পারেনি।
২০১৫ থেকে ২০২০, পর দুই ভোটেই একটি আসনেও জয় পায়নি কংগ্রেস। শীলা দীক্ষিতের শাসনের কংগ্রেস কার্যত তৃতীয় শক্তিতে হয়ে পড়েছে রাজধানীতে। এবারে অর্থাৎ ২০২৫ সালের ভোটেও এখনও অবধি খাতাই খুলতে পারল না হাত শিবির।
২০১৩ তেই শেষবার এখানে খাতা খুলেছিল কংগ্রেস। টানা ১৫ বছর শাসনে ইতির পর খরা শুরু হয়েছিল কংগ্রেসের। এরপর বার বার দিল্লিতে পর্যুদস্ত হতে হয়েছে কংগ্রেসকে। ২০১৩ সালে মাত্র ৮টি আসন জিতেছিল কংগ্রেস। ২৪.৫৫ শতাংশ ভোট গিয়েছিল তাদের ঝুলিতে।
কংগ্রেস ও আপ ইন্ডিয়া জোটের শরিক হলেও দিল্লি ভোটে আলাদাভাবে লড়াই করেছে। ইন্ডিয়া জোটের সঙ্গী হয়েও কেন দিল্লি বিধানসভা ভোটে আপ এবং কংগ্রেস পৃথকভাবে লড়াই করল সেটা নিয়ে প্রশ্ন প্রথম থেকেই ছিল। ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা গেল জোট না করার খেসারত দিতে হল অরবিন্দ কেজরিওয়ালকে।












Click it and Unblock the Notifications