Droupadi Murmu: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম করে ফেসবুকে প্রতারণা! মেসেজে চাওয়া হচ্ছে ব্যক্তিগত তথ্য
Droupadi Murmu: অনলাইনে লোক ঠকানোর প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। এবার স্বয়ং রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুর নামে ভুয়ো অ্যাকাউন্ট (Fake Account) বানিয়ে প্রতারণার চেষ্টা। রাষ্ট্রপতির নাম করে লোকজনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে (Ranchi) সম্প্রতি সামনে এল এমনই বিস্ফোরক অভিযোগ।
রাঁচির বাসিন্দা মন্টু সোনি নামে এক ব্যক্তি ওই প্রতারণার শিকার হন। রাঁচির হাজারিবাগে থাকেন মন্টু। সম্প্রতি ফেসবুকে দ্রোপদী মুর্মুর নাম লেখা একটি অ্যাকাউন্ট থেকে তাঁর কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। রাষ্ট্রপতিরই প্রোফাইল পিকচার দেওয়া ছিল তাতে। শুধু তাই নয়, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্যও দেওয়া ছিল ফেসবুক প্রোফাইলে। দেখেই যাতে মনে হয় আসল প্রোফাইল।

যদিও ওই অ্যাকাউন্ট দেখে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল মন্টু সোনির। এরপরই তাঁকে সটান মেসেজ করা হয় রাষ্ট্রপতির নাম লেখা ওই প্রোফাইল থেকে। প্রথমে সেখানে লেখা হয়, "জয় হিন্দ, কেমন আছেন আপনি?" এরপর ফের মেসেজ করা হয় তাঁকে। সেখানে আবার লেখা হয়, "আমি খুব কম ফেসবুক ব্যবহার করি। তাই আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটি দয়া করে পাঠাবেন।"
বেখেয়ালে নিজের হোয়াটসঅ্যাপ নম্বরটিও দিয়ে বসেন মন্টু সোনি। বেশ কয়েক ঘণ্টা পর মেসেঞ্জারে ফের ভেসে ওঠে মেসেজ। এবার সেখানে লেখা হয়, নম্বরটি সেভ করা হয়েছে। একইসঙ্গে একটি হোয়াটসঅ্যাপ কোডও পাঠানো হয়েছে। মোবাইলে থাকা হোয়াটসঅ্যাপে গিয়ে ৬ সংখ্যার ওই কোড তড়িঘড়ি পাঠাতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয় ওই ফেসবুক অ্যাকাউন্টটির তরফে। আর এখানেই সন্দেহ বাড়ে মন্টুর।
অ্যাকাউন্টটি ভুয়ো আঁচ করে স্ক্রিনশট নেন তিনি। দেরি না করে এক্স হ্যান্ডেলে তড়িঘড়ি পোস্ট করেন। রাষ্ট্রপতি ভবনের এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে তিনি লেখেন, মাননীয় রাষ্ট্রপতির নাম করে ও তাঁর ছবি ব্যবহার করে ফেসবুক প্রোফাইল থেকে সাইবার প্রতারকরা নিজেদের খেলা চালিয়ে যাচ্ছেন। এব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে ঝাড়খণ্ড পুলিশ, রাঁচি পুলিশ, দিল্লি পুলিশকেও মেনশন করেন ওই ব্যক্তি।
তৎক্ষণাৎ গোটা বিষয়টি নজরে রেখে এক্স পোস্টেই পাল্টা উত্তর দেয় রাঁচি পুলিশ (Ranchi Police)। ওই ভুয়ো ফেসবুক প্রোফাইলটির (Fake Facebook Account) ইউআরএল আইডি চায় পুলিশ। এরপর ঘটনার তদন্ত জারি করা হয়েছে বলে জানায় পুলিশ।
রাঁচির এসএসপি চন্দন সিনহা জানান, ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। ফেসবুককেও ওই অ্যাকাউন্টটি সম্পর্কে জানানো হয়েছে। কে বা কারা রয়েছে এর নেপথ্যে, তার বিশদ তথ্য তলব করা হয়েছে। তবে ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি।












Click it and Unblock the Notifications