লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ, কেরল ও মহারাষ্ট্রে অঞ্চলভিত্তিক নৈশ কার্ফু জারি করার নির্দেশ কেন্দ্রের
কেরল ও মহারাষ্ট্রে অঞ্চলভিত্তিক নৈশ কার্ফু জারি করার নির্দেশ কেন্দ্রের
চিন্তার তালিকায় মহারাষ্ট্র তো ছিলই, এবার সেখানে কেরলও যোগ হয়েছে। তৃতীয় ওয়েভের আশঙ্কার মাঝেই আতঙ্ক বাড়াচ্ছে কেরল–মহারাষ্ট্র। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে কেরল ও মহারাষ্ট্রের যে সব এলাকায় উচ্চমাত্রায় কোভিড–১৯ কেস রয়েছে সেইসব এলাকায় নৈশ কার্ফু জারি করা হোক। এমনকি, প্রয়োজনে এই দুটি রাজ্যকে আরও বেশি টিকা সরবরাহ করতে রাজি স্বাস্থ্য মন্ত্রক। করোনা সংক্রমণ প্রতিরোধে এমন প্রতিশ্রুতি পেয়েছে কেরল-মহারাষ্ট্র। প্রসঙ্গত, বৃহস্পতিবারের পর শুক্রবারও দেশে ৪০ হাজারের বেশি নতুন করোনা কেস সনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা কেরল ও মহারাষ্ট্রের কোভিড–১৯ সংক্রমণে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে পর্যালোচনা করেন। অজয় ভাল্লা পর্যবেক্ষণ করেছেন যে সংক্রমণের বৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য আরও বেশি করে প্রচেষ্টা করতে হবে রাজ্য সরকারদের। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, 'উচ্চ সংক্রমণ রয়েছে এমন ভৌগোলিক এলাকাগুলিতে পর্যাপ্ত হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। কনট্যাক্ট ট্রেসিং, টিকাকরণ কর্মসূচি ও কোভিড যথাযথ আচরণের মতো সতর্কতা অবলম্বন করতে হবে।’ সরকার রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে যে তারা যাতে টিকাকরণ কর্মসূচি চালিয়ে যায় এবং যদি আরও ভ্যাকসিনের প্রয়োজন হয় তবে তা সরকার সম্ভাব্যভাবে তাদের সরবরাহ করবে।
দেশে করোনা কেসগুলি পাঁচমাসে সর্বনিম্ন স্তরে নেমে এসেছিল, অগাস্টের মাঝামাঝি সময়েও করোনা কেস ২৫,১৬৬ ছিল কিন্তু গত তিনদিনে কোভিড কেসগুলি তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কেরলে, যেখানে ওনামের মতো বড় উৎসব পালন করা হয়। শুক্রবার দেশে ৪৪, ৬৫৮টি নতুন কোভিড–১৯ কেস সনাক্ত হয়, যা মোট সংক্রমণকে নিয়ে যায় ৩ কোটি ২৬ লক্ষে। ভারতের দক্ষিণের এই রাজ্য কেরল গত সপ্তাহে দেশের নতুন করোনা কেসের ৬০ শতাংশ বহন করেছে এবং দেশের মধ্যে একমাত্র কেরলেই এক লক্ষের বেশি সক্রিয় করোনা কেস রয়েছে। মহারাষ্ট্রে ১৬ শতাংশ সক্রিয় কেসের সন্ধান পাওয়া গিয়েছে।
অপরদিকে, ওনাম পরবর্তী সময়ে রাজ্যে বাড়তে পারে সংক্রমণ। এমন সম্ভাবনা উসকে দিয়ে কেরলবাসীকে আগামি একমাস সতর্ক থাকতে আবেদন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। প্রশাসনিক এহেন প্রস্তুতির মধ্যেই ৪ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ কেরলে। গত ২৪ ঘণ্টায়, বুধবার সে রাজ্যে সংক্রমিত ৩১,৪৪৫ জন। চলতি বছরের ২০ মে ৩০ হাজারের বেশি দৈনিক সংক্রমণের কবলে পড়েছিল এই রাজ্য।












Click it and Unblock the Notifications