জুতো পরে মন্দিরে প্রবেশ করায় মামলা দায়ের শাহরুখ ও সলমনের নামে
মীরঠ, ১৬ জানুয়ারি : নতুন বছর বিতর্ককে সঙ্গী করেই শুরু করেছেন বলিউডের দুই সুপারস্টার, সলমন খান ও শাহরুখ খান। জুতো পরে মন্দিরে ঢুকে শ্যুটিং করায় হিন্দু মহাসভা এই দুজনের নামে আদালতে মামলার আবেদন করলে তা গ্রহণ করা হয়েছে।
জানা গিয়েছে, জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর একটি এপিসোডে শাহরুখ ও সলমন একটি কালী মন্দিরে জুতো পরে ঢুকে শ্যুটিং করেন। সেটা ডিসেম্বরের শেষে চ্যানেলে দেখানোও হয়। সেইজন্যই হিন্দু মহাসভার মীরঠ শাখার সভাপতি ভরত রাজপুত এই দুই অভিনেতা ও অনুষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন।

ভরত রাজপুতের অভিযোগ, এভাবে জুতো পরে কেউ কোনও ধর্মস্থলে প্রবেশ করতে পারেন না। এব্যাপারে তিনি মীরঠের এসএসপি ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতও পাঠান।
পরে চ্যানেল কর্তৃপক্ষের কাছে মেল পাঠালেও কোনও জবাব আসেনি। ফলে বাধ্য হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আদালত অনুষ্ঠানের পরিচালক, শাহরুখ ও সলমনের নামে মামলা গ্রহণ করেছেন। এই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ১৮ জানুয়ারি।












Click it and Unblock the Notifications