মিলে গিয়েছে করোনা ভ্যাকসিনের ছাড়পত্র! জানুন কবে থেকে শুরু হবে টিকাকরণ
আপদকালীন পরিস্থিতিতে ব্যবহারের জন্য ইতিমধ্যেই ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড। ভারতে আপৎকালীন পরিস্থিতিতে এই ভ্যাকসিনগুলির ব্যবহারের অনুমতি দিয়েছে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বিশেষজ্ঞ কমিটি৷ এখন সব থেকে বড় প্রশ্ন কবে থেকে টিকাকরণ শুরু হবে দেশে?

আগামী কয়েক মাসের মধ্যে দেশের ৩০ কোটি নাগরিককে করোনা টিকা
জানা গিয়েছে, আগামী ছয় থেকে আট মাসের মধ্যে দেশের ৩০ কোটি নাগরিককে করোনার প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্র। শুরু হবে প্রথম সারির করোনা যোদ্ধাদের দিয়ে। ভ্যাকসিন প্রয়োগের আগে দেশ কতটা প্রস্তুত, ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা এবং তা বাস্তবায়নের মধ্যে কোথাও কোনও খামতি রয়েছে কি না। সেই সব খতিয়ে দেখতে গতকালই গোটা দেশে ড্রাই রান চালানো হয়।

১৫ জানুয়ারি থেকেই শুরু হতে পারে টিকাকরণ
যাঁদের বয়স ৫০ বছরের বেশি তাঁরাও অগ্রাধিকার পাবেন টিকাকরণের সময়ে। এক্ষেত্রে তাঁদের বয়স অনুযায়ী, দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগ করা হয়েছে, যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং অন্যটি যাঁদের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে। সর্বশেষ লোকসভা ও বিধানসভা নির্বাচনের ভোটার তালিকা ব্যবহার করে এই বয়সসীমার মানুষদের বেছে নেওয়া হবে। এই অবস্থায় জানা গিয়েছে যে ড্রাই রান পরবর্তী পরিস্থিতিতে ১৫ জানুয়ারি থেকেই শুরু হতে পারে টিকাকরণ।

কেন্দ্রের তরফে রূপরেখা তৈরি
ইতিমধ্যেই কেন্দ্রের তরফে রূপরেখা তৈরি করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে কেমন ভাবে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে। জানা গিয়েছে, টিকাকরণ কেন্দ্রের ভিতরে তিনটি পৃথক ঘর থাকবে। প্রথমটি ওয়েটিং রুম। টিকাকরণে আগে এখানে অপেক্ষা করতে হবে। এরপর ভ্যাকসিনেশন রুম। এই কক্ষে টিকা দেওয়া হবে। আর সব শেষে থাকছে একটি অবজারভেশন রুম। যাঁর শরীরে কোরোনার টিকা দেওয়া হবে, তাঁকে এই কক্ষে আধ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।

টিকাকরণের প্রক্রিয়ায় থাকবে পাঁচ সদস্যের একটি দল
টিকাকরণের প্রক্রিয়ায় থাকবে পাঁচ সদস্যের একটি টিকাকরণ দল। টিকাকরণের আগে দু'জন আধিকারিক যাবতীয় তথ্য পরীক্ষা করে দেখবেন। এরপর তৃতীয় জন টিকা দেবেন। আর সবশেষে চতুর্থ ও পঞ্চম আধিকারিক থাকবেন ভিড় নিয়ন্ত্রণ ও টিকাকরণের পর আধ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার জন্য।












Click it and Unblock the Notifications