২০২২ এর ভোটের আগে ভ্যাকসিন নীতি নিয়ে কি পর্যালোচনা করতে পারে মোদী সরকার! সম্ভাবনা কোনদিকে
২০২২ এর ভোটের আগে ভ্যাকসিন নীতি নিয়ে কি পর্যালোচনা করতে পারে মোদী সরকার! সম্ভাবনা কোনদিকে
সুপ্রিম কোর্ট এর আগেই জানিয়েছে যে , কেন্দ্রের ১৮-৪৪ বছর বয়সীদের জন্য যে ভ্যাকসিন নীতি গৃহিত হয়েছে তা খামখেয়ালি ও অযৌক্তিক। এদিকে , এই ভ্যাকসিন নীতির জন্য বিরোধী রাজনৈতিক শিবিরগুলিও বেশ কড়া সমালোচনায় নেমেছে মোদী সরকারের। এই পরিস্থিতিতে ২০২২ উত্তরপ্রদেশ নির্বাচন সামনে। এরপরই রয়েছে ২০২৪ লোকসভা ভোট। তার আগে মোদী সরকার এই ইস্যুতে কোন পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ।

ভ্যাকসিন নীতি পর্যালোচনা করতে পারে সরকার?
প্রসঙ্গত, এক মিডিয়া রিপোর্ট সূত্রে জানা যাচ্ছে যে, ১৮-৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন বণ্টন নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন স্তরের আলোচনা শুরু করেছে কেন্দ্র। তবে ভ্যাকসিন নীতি নিয়ে আলোচনায় রাজনৈতিক প্রেক্ষাপটও বেশ তাৎপর্য পেতে পারে। ভ্যাকসিনের ক্ষেত্রে তা বিনামূল্যে হবে নাকি রাজ্যগুলিকে টাকা দতে হবে এই মর্মে মোদী সরকার সম্ভবত একটি পর্যালোচনার পদক্ষেপ নিতে পারে বলে খবর।

কবে নাগাদ হতে পারে পর্যালোচনা ?
জানা গিয়েছে, ভ্যাকসিন পলিসি নিয়ে এবছরের জুলাই থেকে অগাস্টের মধ্যে ফের একবার বৈঠকে বসতে পারেন মোদী শাহরা। দেশে একবার ভ্যাকসিনের সরবরাহ মসৃণ হলেই এই বৈঠক হতে পারে। আর তাতেই জানা যাবে যে , ১৮-৪৪ বছর বয়সীদের তৃতীয় পর্যায়ের ভ্যাকসিন বিনামূল্যে হবে কি না।

মমতা সহ একাধিক মুখ্যমন্ত্রী সরব
এদিকে, ভ্যাকসিন টাকা দিয়ে কিনতে হচ্ছে রাজ্যকে, এই ইস্যুতে রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। কেরলের মুখ্যমন্ত্রী পি বিজয়ন এই বিষয়ে সরব হয়েছেন । তিনি বিনামূল্যে এই বয়সসীমার ভ্যাকসিন গ্রাহকদের জন্য় ভ্যাকসিনের আবেদন করেছেন। সেই মর্মে তিনি মমতা সহ ১১ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠিও পাঠিয়েছেন।

২০২২ এর পর ২০২৪ লোকসভা ভোট ও ভ্যাকসিন নীতি
কংগ্রেস নেতা পি চিদাম্বরমের মতে করোনার দ্বিতীয় স্রোতের মাঝে শেষ ৫ দফায় বাংলার ভোটে হেরে যায় বিজেপি। এদিকে, বাংলা ছাড়াও যোগীগড় উত্তরপ্রদেশের পঞ্চায়েত ভোটেও কৃষক আন্দোলনের ঝড়ের মাঝে পিছিয়ে যায় বিজেপি। এই পরিস্থিতিতে করোনা ইস্যুতে মোদী সরকারের পদক্ষেপ নিয়ে বিদেশী মিডিয়ার সমালোচনায় পড়েছেন প্রধানমন্ত্রী। এমন প্রেক্ষাপট সঙ্গে নিয়ে ভ্যাকসিন নীতি নিয়েও কাঠগড়ায় মোদী সরকার। আর এই সমস্ত দিককে বিচার করে ২০২২ উত্তরপ্রদেশে নিজের গড় ধরে রাখতে মোদী-শাহরা ভ্যাকসিন নীতি নিয়ে কোনও পরিবর্তম আনেন কি না , সেদিকে তাকিয়ে দেশ। এদিকে, ২০২৪ লোকসভা ভোটেও মোদীর সংসদীয় এলাকা বারাণসী একটি তাৎপর্যপূর্ণ কেন্দ্র। যা উত্তরপ্রদেশের আওতায়। সেই উত্তরপ্রদেশেও ভ্যাকসিন থেকে শুরু করে কোরনা পরিস্থিতি নিয়ে কাঠগড়ায় রয়েছে যোগী সরকার। ফলে সবমিলিয়ে এমন ক্যানভাসে মোদীর ভ্যাকসিন নীতি কোনপথে চলে সেদিকে তাকিয়ে গোটা দেশ।












Click it and Unblock the Notifications