Central List Of OBCs: ওবিসি-র কেন্দ্রীয় তালিকার ব্যাপ্তি বাড়ছে, বাংলার জন্য কি সুখবর রয়েছে?
Central List Of OBCs: নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ৯ বছরের সাফল্যের মধ্যে বড় করে দেখানো হচ্ছে অনগ্রসর শ্রেণির কেন্দ্রীয় তালিকার কলেবরে বৃদ্ধির বিষয়টি। সেই তালিকা এবার আরও বাড়ছে।
অনগ্রসর শ্রেণির জন্য গঠিত জাতীয় কমিশন সূত্রে জানা গিয়েছে, ৬টি রাজ্যের আরও ৮০টি জাতিকে কয়েক মাসের মধ্যেই এই তালিকায় আনা হবে। দ্য হিন্দুকে প্যানেল চেয়ারপার্সন হংসরাজ গঙ্গারাম আহির জানিয়েছেন ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হওয়ার কথা।

গত সপ্তাহে প্রকাশিত সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট বা এমএসদজেই-র একটি রিপোর্টে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরের ১৬টি সম্প্রদায়কে ওবিসির কেন্দ্রীয় তালিকার আওতায় আনা হয়েছে।
জানা গিয়েছে, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানা থেকে যে আবেদনগুলি এসেছিল তা খতিয়ে দেখছে কমিশন। যেমন- তেলেঙ্গানা সরকার সেই রাজ্যের ওবিসি তালিকাভুক্ত প্রায় ৪০টি জাতি বা সম্প্রদায়কে কেন্দ্রীয় তালিকায় আনার অনুরোধ করেছে।

অন্ধ্রপ্রদেশের তুড়ুপ কাপু, হিমাচল প্রদেশের মাঝরা সম্প্রদায়ের নাম তালিকায় যোগ করার আবেদন এসেছে। মহারাষ্ট্র সরকার চাইছে লোধি, লিঙ্গায়েত, ভয়ার পওয়ার, ঝাঁদসে সম্প্রদায়ের নাম উঠুক ওবিসির কেন্দ্রীয় তালিকায়। পাঞ্জাব থেকে আবেদন এসেছে যাদব সম্প্রদায়ের জন্য। গোসাই সম্প্রদায়ের নাম পাঠিয়েছে হরিয়ানা।

আহির জানান, যে আবেদনগুলি এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। বেশিরভাগের নামই কেন্দ্রের কাছে পাঠানো হবে। কমিশন সুপারিশ পাঠাবে কেন্দ্রের কাছে। ১৯৯৩ সালের এনসিবিসি আইন অনুযায়ী কমিশন একটি বেঞ্চ গঠন করে বিভিন্ন প্রস্তাব খতিয়ে দেখে। তারপর কমিশন মতামত জানায় কেন্দ্রকে। তার ভিত্তিতে ক্যাবিনেটে অনুমোদন করিয়ে তা আইনে রূপান্তরিত করতে পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে।

এই মুহূর্তে ওবিসির কেন্দ্রীয় তালিকায় ২৬৫০টিরও বেশি সম্প্রদায় বা জাতির নাম নথিবদ্ধ রয়েছে। ২০১৪ সালের পর ১৬টি সম্প্রদায়ের নাম যুক্ত হয়েছে। সংবিধানে ১০৫তম সংশোধন করিয়ে বিভিন্ন রাজ্যের তালিকায় থাকা ওবিসি সম্প্রদায়ের মানুষজনের অধিকার সুরক্ষিত করেছে কেন্দ্র।
২০১১ সালের জনগণনার পর থেকে তফসিলি জাতি বা এসসি-র তালিকায় নাম উঠেছে চারটি সম্প্রদায়ের। গত মার্চের হিসেব অনুযায়ী এসসি তালিকায় রয়েছে ১২৭০টি সম্প্রদায়ের মানুষ। তফসিলি উপজাতি তালিকায় ২০১১ সালের জনগণনার পর যুক্ত হয়েছে ৫টি সম্প্রদায়। সামাজিক, শিক্ষা, অর্থনৈতিক মাপকাঠির নিরিখেই ওবিসির জন্য জাতীয় কমিশন সুপারিশগুলি খতিয়ে দেখে।












Click it and Unblock the Notifications