বর্ষাকালীন অধিবেশনে নতুন আদমশুমারির জন্য বিল! রান্নার গ্যাস থেকে ইন্টারনেট যেসব প্রশ্নের উত্তর তৈরি রাখতে হবে
বর্ষাকালীন অধিবেশনে আসতে চলেছে নতুন আদমশুমারি বিল। পরিকল্পনা তৈরি করতে এবং বঞ্চিত ও শোষিতদের মৌলিক সুবিধা প্রদান করতে এই আদমশুমারির ভূমিকা অপরিসীম। সেন্সাসে বিভিন্ন প্রশ্নের উত্তর লিপিবদ্ধ করবেন, দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ঠিক কী কী প্রশ্ন জিজ্ঞাসা করা হবে একনজরে দেখে নেওয়া যাক।
কোনও নিদিষ্ট ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, বাড়িতে টয়লেট আছে কি নেই, এলপিজি কিংব পিএনজি সংযোগ আছে কিনা, ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা, ডিটুএইচ সংযোগ আছে কিনা, বাড়ির মালিক হলেও সেখানে না থাকা, মিনারাল ওয়াটার না সাধার জল খান, প্রধান খাদ্যশস্য, এই সবই প্রশ্নের তালিকায় রয়েছে।

২০২১-এর আদমশুমারির জন্য ২০২০-র ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর সারা দেশে এই তথ্য সংগ্রহের অভিযান চালানোর কথা থাকলেও কোভিড মহামারীর কারণে তা স্থগিত হয়ে যায়। নতুন সময়সূচি এখনও জানা না গেলেও, সংসদে বিল পাশের পরেই এই প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে বলেই আশা করছে সংশ্লিষ্ট মহল।
স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়ার প্রশ্নপত্রে অনেক কিছুই আগের থেকে আলাদা হবে। প্রশ্নমালাও থাকবে বিস্তৃত। শারীরিক অক্ষমতা সংক্রান্তও প্রশ্ন থাকতে চলেছে সেখানে। তবে তথ্য সংগ্রাহকদের কাজের ভার একটু লঘু করতে সাধারণ মানুষকে অনলাইনে এই ফর্ম পূরণ করতে বলার বিকল্প প্রস্তাব গ্রহণ করা হতে পারে।
২০১১ সালের আদমশুমারিতে জিজ্ঞাসা করা হয়নি, এমন বেস কিছু জিনিসও থাকতে চলেছে এবারের আদমশুমারিতে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে মানসিক প্রতিবন্ধকতা তুলে দিয়ে বুদ্ধিবৃত্তিক অক্ষমতাকে স্থান দেওয়া হয়েছে।

শিক্ষাগত যোগ্যতার বিবরণ দেওয়ার ক্ষেত্রে আইটি, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কমার্সএ-র পাশাপাশি সর্বোচ্চ ডিগ্রির মতো কলামও থাকবে সেখানে। আগে রান্নাঘর আছে কিনা তা জিজ্ঞাসা করা হত এবারের প্রশ্নপত্রে থাকবে সেখানে সংযোগ এলপিজি না পিএনজি। এবারের প্রশ্নে ইন্টারনেট সংযোগ আছে কিনা সেই প্রশ্ন ছাড়াও ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোন আছে কিনা প্রশ্নও থাকবে।
প্রশ্নের মধ্যে উত্তরদানা কোন ধর্মাবলম্বী তা জানতে ছটি ধর্ম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ এবং জৈন ধর্মের কথা উল্লেখ থাকবে। মাতৃভাষা ছাড়াও অন্য দুটি ভাষা জানানোর জন্য প্রশ্ন তালিকাভুক্ত করা হতে পারে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সেন্সাস নিয়ে যে বই প্রকাশ করেছিলেন, তাতে ২০২১-এর আদমশুমারি নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে। দেশের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে সেই বই প্রকাশ করা হয়েছিল।












Click it and Unblock the Notifications