Congress: ১১ বছরে ৩৯.৫৪ লক্ষ কোটি! জ্বালানি-শুল্কে কেন্দ্রের আয় নিয়ে তদন্ত দাবি, বিস্ফোরক কংগ্রেস
Congress: পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক বৃদ্ধি করেছে কেন্দ্র। অয়েল মার্কেটিং কোম্পানিগুলির উপর লিটার প্রতি ২ টাকা করে এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছে। যদিও এতে আমজনতাকে বাড়তি খরচ করতে হবে না বলেই জানিয়েছে মোদী সরকার। রবিবার এনিয়ে সরকারের অন্য অভিসন্ধি দেখছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, বেসরকারি কোম্পানিগুলিকে ফায়দা পাইয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
জ্বালানিতে শুল্ক বৃদ্ধি করে কেন্দ্র কার্যত লুঠতরাজ চালাচ্ছে বলে এদিন অভিযোগ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সরকারি প্রকল্পগুলির মাধ্যমে কীভাবে বেসরকারি সংস্থাগুলি লাভবান হচ্ছে, তা নিয়ে তদন্তেরও দাবি তোলে হাত শিবির। এনিয়ে ক্যাগের অডিট রিপোর্ট রেশ করা উচিত বলে দাবি কংগ্রেসের। পাশাপাশি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন ও সিবিআই তদন্তেরও দাবি তুলেছে কংগ্রেস।

এদিন এক্স পোস্টে জয়রাম রমেশ লেখেন, "ভারতবাসীকে লুঠ করা হচ্ছে। আমজনতার উপর করের বোঝা বাড়াচ্ছে মোদী সরকার। সাধারণ মানুষের পকেট লুটে বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থাগুলিকে লাভবান করে তুলেছে মোদী সরকার। প্রকাশ্যে অর্থনীতির উপর নিপীড়ন চলছে। ২০১৪ সালের মে মাসে পেট্রল ও ডিজেলে যথাক্রমে শুল্ক ছিল ৯.২০ টাকা ও ৩.৪৬ টাকা। মোদী সরকারের জমানায় যা এখন দাঁড়িয়েছে যথাক্রমে ১৯.৯০ টাকা ও ১৫.৮০ টাকায়।"
কংগ্রেস নেতার আরও দাবি, গত ১১ বছরে পেট্রোলিয়াম ক্ষেত্র থেকে ৩৯.৫৪ লক্ষ কোটি টাকা আয় করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু তা সত্ত্বেও আমজনতাকে কোনও সুরাহা দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। ২০১৪ সালের মে মাসে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ছিল ১০৮ মার্কিন ডলার। বর্তমানে তা দাঁড়িয়েছে ৬৫.৩১ মার্কিন ডলারে। ৪০ শতাংশ সস্তা হওয়া সত্ত্বেও ইউপিএ জমানার তুলনায় বর্তমানে পেট্রোল ও ডিজেলের দাম অনেক বেশি বলে দাবি কংগ্রেস নেতার।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির পাশাপাশি বেসরকারি অয়েল মার্কেটিং কোম্পানিগুলিও বিপুল পরিমাণে ফায়দা লুটছে বলে দাবি কংগ্রেস নেতার। জয়রাম রমেশ বলেন, "বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। জনগণের টাকা কোন খাতে কীভাবে খরচ হচ্ছে, তা নিয়ে সরকার জবাবদিহি করতে বাধ্য। ক্যাগের উচিত হিসেব মিলিয়ে দেখা। সিভিসি ও সিবিআইয়েরও উচিত তদন্ত করে দেখা।" প্রসঙ্গত, গত সপ্তাহেই শুল্ক বেড়ে পেট্রলে শুল্ক দাঁড়িয়েছে লিটার প্রতি ১৩ টাকা ও ডিজেলে শুল্ক ১০টাকা প্রতি লিটার।












Click it and Unblock the Notifications