চার বড় মন্ত্রক হাতে রাখতে চায় বিজেপি! নীতীশ-নাইডুর দল পেতে পারে তিনটি করে বার্থ, অন্যরা কে ক'টি পেতে পারে
রবিবার প্রধানমন্ত্রী পদে তৃতীয়বারের জন্য শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে মন্ত্রিসভার অংশীদারিত্ব নিয়ে জোটসঙ্গীটদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিজেপি। সূত্রের খবর, এবার মন্ত্রিসভার বারো থেকে পনেরোটি পদ জোটসঙ্গীদের কাছে যেতে পারে। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে হওয়া বৈঠকে টিডিপি এবং জেডিইউ অন্ধ্রপ্রদেশ ও বিহারের জন্য আর্থিক প্যাকেজের দাবি করেছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সন্ধের পরে অমিত শাহ, রাজনাথ সিং এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা বৈঠক করেন জোটসঙ্গীদের সঙ্গে। অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠীর সঙ্গে প্রথম বৈঠক করেন তাঁরা। ওই বৈঠকে প্রফুল প্যাটেল এবং সমীর ভুজবলের মতো নেতা উপস্থিত ছিলেন। তারপর বৈঠক হয় আরএলডির জয়ন্ত চৌধুরীর সঙ্গে। এছাড়াও বিজেপির শীর্ষ নেতাারা বৈঠক করেন জেডিএস, টিডিপি, এলজেপি নেতৃত্বের সঙ্গেও।

বিজেপি কোন কোনও মন্ত্রক হাতে রাখতে চায়
সূত্রের খবর, বিজেপি, স্বরাষ্ট্র, বিদেশ, প্রতিরক্ষা এবং অর্থ দফতরের মতো মন্ত্রকের পাশাপাশি রেল, সড়ক পরিবহণ, আইন, তথ্যপ্রযুক্তি এবং শিক্ষার মতো মন্ত্রকও নিজেদের হাতেই রাখতে চায়।
টিডিপি কোন-কোন মন্ত্রক পেতে পারে
লোকসভায় টিডিপির আসন সংখ্যা ষোলো। তারা একটি ক্যাবিনেট মন্ত্রকের পাশাপাশি দুই প্রতিমন্ত্রী-সহ মন্ত্রিসভায় তিনটি বার্থ পেতে পারে। প্রসঙ্গত, ২০১৮ সালে এনডিএ ছাড়ার আগে নরেন্দ্র মোদী সরকারে একজন ক্যাবিনেট মন্ত্রী এবং ক প্রতিমন্ত্রী ছিল টিডিপির। তখনও টিডিপির ১৬ সাংসদ থাকলেও, এখন তাদের গুরুত্ব আগের তুলনায় বেশি।
জেডিইউ কোন-কোন মন্ত্রক পেতে পারে
অন্যদিকে জেডিইউও একটি ক্যাবিনেট মন্ত্রকের পাশাপাশি দুই প্রতিমন্ত্রী-সহ মন্ত্রিসভায় তিনটি বার্থ পেতে পারে। জেডিইউ ২০১৯-এ চারটি বার্থ চেয়েছিল। সেই সময় তাদের হাতে ছিল ১৬ টি আসন। এবার তা কমে হয়েছে বারো। তবে তাদের গুরুত্ব এবার ২০১৯-এর থেকে বেশি। সূত্রের খবর, জেডিইউ রেল ছাড়াও, কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের দিকে নজর রাখছে।
অন্যরা কে ক'টি বার্থ পেতে পারে
এবারের নির্বাচনে একনাথ শিন্ডের শিবসেনা সাতটি আসন পেয়েছে। তারা একটি ক্যাবিনেট মন্ত্রীর পদ এবং এর রাজ্যমন্ত্রীর পদ পেতে পারে। এছাড়া চিরাগ পাসোয়ানের এলজেপি পাঁচটি আসন পেয়েছে। তারাও সমসংখ্যক বার্থ পেতে পারে। জেডিএস এবং জয়ন্ত চৌধুরীর আরএলডি পূর্ণ মন্ত্রীর পদ কিংবা স্বাধীন দায়িত্বের প্রতিমন্ত্রীর পদ পেতে পারে।
এছাড়া অনুপ্রিয়া প্যাটেলের আপনা দল পবন কল্যাণের জনসেনা এবং জিতেন রাম মাঞ্ঝির হাম একটি করে আসন জয় করায়, তারা একটি করে প্রতিমন্ত্রীর পদ পেতে পারে। অন্যদিকে, অজিত পাওয়ারের এনসিপি একটি মন্ত্রী পদ কিংবা স্বতন্ত্র দায়িত্বের মন্ত্রীপদ পেতে পারে। এছাড়া দলের কাউকে কোনও রাজ্যের রাজ্যপালের দায়িত্বও দেওয়া হতে পারে।












Click it and Unblock the Notifications