কংগ্রেস ৫০ বছরেও কেন এমএসপি নিয়ে আইন আনেনি? কৃষি বিল নিয়ে এবার প্রতিআক্রমণে কেন্দ্র
কৃষি বিলগুলি কৃষকদের জীবনে আমূল পরিবর্তন আনবে৷ এই বিল কৃষকদের স্বাধীনতা দেবে৷ তারা যে কোনও ক্রেতার কাছে তাদের পণ্য বিক্রি করতে পারবে, তাদের ফসলের দামের গ্যারান্টি পেতে পারে এবং নতুন প্রযুক্তি ব্যবহার ও ফসলের বৈচিত্র্য আনতে পারে৷ আজ এক সাক্ষাৎকারে একথা বলেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর৷

লোকসভা ও রাজ্যসভায় সদ্য পাশ হয়েছে কৃষি বিলগুলি
লোকসভা ও রাজ্যসভায় সদ্য পাশ হওয়া কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা৷ বিল দু'টি কৃষকদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ এনেছে তারা৷ এই বিলের বিরোধিতায় বিভিন্ন জায়গায় আন্দোলনও চলছে৷ কিন্তু এই বিল যে কৃষকদের স্বার্থবিরোধী নয় বরং তা কৃষকদের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে সেই বিষয়ে আজ বার্তা দেন তোমর৷

উৎপাদনের ক্ষেত্রে গ্যারান্টি
এদিন মন্ত্রী বলেন, 'ক্ষুদ্র কৃষকরা ফসলের বীজ বপনের সময় তাদের উৎপাদনের ক্ষেত্রে গ্যারান্টি পেতে পারেন। তারা এখন নতুন প্রযুক্তি, নতুন বীজ, ভালো কীটনাশক ব্যবহার করতে পারবে। ফসল উৎপাদনের খরচ কমবে৷ আমি কৃষকদের বলতে চাই যে, যখন এই বিল কার্যকর করা হবে তখন তাদের জীবনে পরিবর্তন আসবে৷'

কংগ্রেসকে আক্রমণ মন্ত্রীর
কংগ্রেসের উদ্দেশে তোমর বলেন, 'এমএসপি-তে ক্রয় অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে রবি শস্যের জন্য এমএসপি বৃদ্ধির ঘোষণা করেছি। আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে এর আগে আদৌ এমএসপি কোনও আইনের অংশ ছিল কি না। কংগ্রেস ৫০ বছর ক্ষমতায় ছিল৷ তারা কেন আইনে এমএসপি নিয়ে আসেনি? যেহেতু বিলগুলির বিষয়ে কংগ্রেসের কিছু বলার নেই তাই তারা এমএসপি নিয়ে কথা বলছে৷ কৃষকদের উপর অনেক অবিচার ও শোষণ করা হয়েছে। আমরা যখন কৃষকদের কথা বলি তখন কোনও রাজনীতি হওয়া উচিত নয়।'

আগে কৃষকরা সমস্যায় পড়ছিলেন
তিনি আরও বলেন, 'কৃষকরা ফসল উৎপাদন করে মান্ডিতে নিয়ে যান৷ এই মান্ডিগুলিতে ২৫-৩০ জনের লাইসেন্স রয়েছে৷ তারা ফসলের দাম ঠিক করে৷ সেক্ষেত্রে যেই দাম নির্ধারিত হয় তাতে সন্তুষ্ট না হলেও কৃষকদের তাতেই ফসল বিক্রি করতে হত৷ কারণ তারা যদি তাদের ফসল নিয়ে আবার ফিরে আসার পরিকল্পনা করতেন তাতে তাদের অতিরিক্ত ব্যয় করতে হত৷ ফলে কৃষকরা সমস্যায় পড়ছিলেন।'

কেন্দ্রীয় সরকারের কোনও ট্যাক্স থাকবে না
এরপর তিনি বলেন, 'আমাদের আইন কৃষকদের তাদের ইচ্ছানুযায়ী যে কোনও জায়গায় তাদের পণ্য বিক্রি করতে দেবে। কৃষি বাজারে একটি ট্যাক্স রয়েছে। কিন্তু এই বিলের আওতায় কৃষি বাজারের বাইরে বাণিজ্যের উপর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনও ট্যাক্স থাকবে না৷'

বিলের আওতায় কৃষকের সম্পূর্ণ সুরক্ষা রয়েছে
বিলের আওতায় কৃষকের সম্পূর্ণ সুরক্ষা রয়েছে। এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন , 'যদি কোনও কৃষক চুক্তি থেকে বেরিয়ে আসতে চান তবে তিনি তা করতে পারেন৷ তবে কোনও ব্যবসায়ী চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন না৷ কৃষককে যে দাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তা দেওয়ার পরই চুক্তিটি ছাড়তে পারবেন তাঁরা । এই বিলে কৃষকদের সম্পূর্ণ সুরক্ষা রয়েছে।'












Click it and Unblock the Notifications