বিহারে বিরাট জয় বিজেপির, সরকার ধরে রাখল এনডিএ, সুযোগ হাতছাড়া মহাজোটের, দেখুন পূর্ণাঙ্গ ফলাফল
মধ্যরাত পেরিয়ে শেষ অবধি বিহারে শেষ হাসি হাসল জেডিইউ ও বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৫টি আসনে জয়লাভ করেছে জোট অথবা এগিয়ে রয়েছে। মহাজোট এগিয়ে বা জয়লাভ করেছে ১১০টি আসনে। এছাড়া এআইএমআইএম ৫টি, বিএসপি ১টি, এলজেপি ১টি ও নির্দল একটি করে আসন জিতেছে। এই ফলাফলের আর বিশেষ হেরফের হচ্ছে না। ফলে আগামী পাঁচ বছরের জন্য বিহারে ফের এনডিএ জোট সরকার গঠন করতে চলেছে।

বিজেপির বিরাট লাভ
ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে, বিজেপি সবচেয়ে বেশি ৭৪টি আসন পেয়েছে। যা গতবারের চেয়ে অনেকটাই বেশি। ২০১৫ সালে বিজেপি পেয়েছিল ৫৩টি আসন। এবার ২১টি বেশি পেয়েছে।

খারাপ ফল জেডিইউ-র
অন্যদিকে জেডিইউ পেয়েছে মাত্র ৪৩টি আসন। যা ২০১৫ সালের বিধানসভা ভোটের ফলাফলের চেয়ে ২৮টি কম। গতবারে নীতীশ কুমারের দল ৭১টি আসনে জয়লাভ করেছিল।

ছোট এনডিএ শরিক
এনডিএ জোটের আর দুই সঙ্গী হিন্দুস্তান আওয়াম মোর্চা ৪টি আসন জিতেছে যা আগেরবারের চেয়ে ৩টি বেশি আসন। এছাড়া বিকাশশীল ইনসান পার্টিও ৪টি আসন জিতেছে। এরা গত নির্বাচনে কোনও আসন পায়নি।

আরজেডি বিশেষ খোয়ায়নি
মহাজোটের সবচেয়ে বড় দল আরজেডি মোটামুটি নিজেদের আসন ধরে রেখেছে। তেজস্বী যাদবের দল পেয়েছে ৭৫টি আসন। যা ২০১৫ সালের ৮০টি আসনের চেয়ে ৫টি কম।

খারাপ ফল কংগ্রেসের
অন্যদিকে কংগ্রেস এই নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেনি। হাত শিবির পেয়েছে মাত্র ১৯টি আসন। ২০১৫ সালের ভোটের কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন যা এবারের চেয়ে ৮টি বেশি।

বামেদের ফল
এই নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বামেরা ভালো ফল করেছে। সিপিআইএমএলএল পেয়েছে ১১টি আসন, সিপিএম পেয়েছে ৩টি ও সিপিআই পেয়েছে ২টি আসন। সবমিলিয়ে ১৬টি আসন যা গতবারের চেয়ে ১৩টি বেশি। যার অর্থ ২০১৫ সালে বামেরা সম্মিলিতভাবে মাত্র ৩টি আসন পায়।

অন্যান্যদের জয়
এর পাশাপাশি চিরাগ পাসোয়ানের এলজেপি ১টি, আসাদউদ্দিন ওয়েইসির মিম ৫টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি ১টি ও নির্দল ১টি আসনে জয়লাভ করেছে।












Click it and Unblock the Notifications