করোনা ভাইরাস আক্রান্ত উহান থেকে ভারতীয়দের উদ্ধার করতে কবে উড়বে এয়ার ইন্ডিয়ার বিমান?
চিনের মধ্যাঞ্চলের উহানে থাকা ভারতীয়দের উদ্ধার করতে ৩১ জানুয়ারি উড়ে যাবে এয়ার ইন্ডিয়ার বিমান। এমন সম্ভাবনার কথাই জানা গিয়েছে সূত্র মারফত। করোনা ভাইরাসের সংক্রমণ জেরে হুবেই প্রদেশের এই শহরটিকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছে চিন সরকার। লকডাউনের জেরে সেখানে বিমান পরিষেবা বন্ধ। শহর থেকে সড়ক পথে অন্যত্র যাওয়ার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের অন্যত্র যাতে এই ভআইরাসের সংক্রমণ না ছড়িয়ে পড়ে সেটি সুনিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়।

চিনে আটকে ২৫০ ভারতীয়
তবে এর জেরে সেই শহরে আটকে পড়েছে ভারতের ২৫০ পড়ুয়া ও কর্মজীবী। যাদের নিয়ে চিন্তিত এদেশে থাকা তাঁদের আত্মীয় পরিজনরা। মঙ্গলবারই চিনে আটকে থাকা ভারতীয় নাগরিকদের পাসপোর্টের তথ্য চাইল বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। ক্রমশই গুরুতর হয়ে চলা চিনের করোনা ভাইরাস সক্রমণ ও সেখানে আটকে থাকা ভারতীয়দের নিয়ে চিন্তিত ভারত। চিনে টকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে একটি বিশেষ বৈঠক ডাকা হয়। সেই বৈঠকের সভাপতিত্ব করেন ক্যাবিনেট সচিব রাজীব গৌবা।

স্ট্যান্ডবাইতে বোয়িং ৭৪৭ বিমান
ভারতের জাতীয় ক্যারিয়ার এয়ার ইন্ডিয়া একটি বোয়িং ৭৪৭ বিমানকে স্ট্যান্ডবাইতে রেখে দিয়েছে। ক্যারিয়ারটি এখন ভারত সরকারের সিদ্ধান্ত গ্রহণের অপেক্ষায় রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই চিনে থাকা ভারতীয় ছাত্র ও কর্মীদের ভারতে ফিরিয়ে নিয়ে আনবে সেটি। এয়ারলাইন্সের সিএমডি অশ্বানী লোহানী বলেছিলেন যে বিমান সংস্থাটি চিনে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্যে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত, তবে পরিষেবাটি শুরু করার তারিখ প্রকাশ করেনি।

দফায় দফায় বৈঠক
সূত্র জানিয়েছে যে বেসামরিক বিমান চলাচল সচিব পিএস খারোলা মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের সাথে বিশেষ বিমানটি পরিচালনা করার বিষয়ে দফায় দফায় বৈঠক ও পরামর্শ পর্ব করেন। উহান এবং অন্যান্য ক্ষতিগ্রস্থ অঞ্চল থেকে ভারতীয়দের উদ্ধার করার ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ হল ফ্লাইটে থাকা লোকদের স্ক্রিনিং করা। জানা গিয়েছে, ২৬ জানুয়ারি পর্যন্ত ১৩৭টি উড়ানে দেশে আসা মোট ২৯,৭০৭ জন যাত্রীকে স্ক্রিন করে তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কি না তা পরীক্ষা করা হয়েছে।

বিদেশ মন্ত্রকের তৎপরতা
ভারত সরকারের তরফ থেকে উহানে থাকা ভারতীয় ফেরত আনার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে এব্যাপারে চিনের প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। সোমবার ভারত ও চিনের আধিকারিকরা উহান থেকে ২৫০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলেন বলে জানা গিয়েছে।

ভারতে করোনা আতঙ্ক
এদিকে দিল্লিতে মঙ্গলবার রাতে তিন জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের রক্তের নমুনা পরীক্ষার জন্যে পাঠানো হচ্ছে। কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালেও একজন চিনা পর্যটককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাছাড়া গতকাল এক থআই তরুণীর মৃত্যু হয়েছে কলকাতায়। চিকিৎসকদের অনুমাণ সেটি করোনা ভাইরাসের জেরে হয়ে থাকতে পারে। দেশে মোট ৪৫০ জনকে এর জেরে পর্যবেক্ষণে রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications