করোনায় জর্জরিত রাজ্য! অমিত শাহর নির্দেশে গুজরাত গেলেন এইমস প্রধান
গুজরাতে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এহেন পরিস্থিতিতে গুজরাতে পরিস্থিতির পর্যালোচনা করতে গেলেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশেই এই সফরে গেলেন এইমস প্রধান। সফর কালে আহমেদাবাদে কেভিড ১৯ চিকিৎসা নিয়ে হাসপাতালের ডাক্তারদের নানা পরামর্শ দেন।

গুজরাতে সংক্রমণে ৪৪৯ জন মৃত
গুজরাতে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। গুজরাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার হয়েছে। গুজরাতে এই মারণ জীবাণুর সংক্রমণে ৪৪৯ জন প্রাণ হারিয়েছেন। মৃতের হারে গুজরাত দেশের বাকি সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে।

দেশে নতুন করে ৩,৩২০ জনের শরীরে করোনা
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩,৩২০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন প্রায় ৬০ হাজারের কাছাকাছি। মারা গিয়েছেন ১৯৮৬ জন। মোট আক্রান্তের ৬০ শতাংশই দেশের আটটি বড় শহরের বাসিন্দা। তার মধ্যে মুম্বই, দিল্লি ও আহমেদাবাদেই আছেন ৪২ শতাংশ আক্রান্ত।

আহমেদাবাদে ৩৪৩ জন মৃত করোনায়
আহমেদাবাদে এখনও পর্যন্ত ৫২৬০ জন করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে। এছাড়া সেখানে ৩৪৩ জন এই মারণ সংক্রমণে মারা গিয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ১০০১ জন। সুরাতেও করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০০। সেখানে ৩৮ জন মারা গিয়েছেন এখনও। এছাড়া ভদোদরায় এখনও ৩১ জন প্রাণ হারিয়েছেন করোনায়।

মহারাষ্ট্রে করোনা সংক্রমণ দেশের মধ্যে সর্বাধিক
এদিকে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ দেশের মধ্যে সর্বাধিক। মহারাষ্ট্রে মোট করোনা কেস গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৩-এ। সে রাজ্যে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৭৩১ জন। মুম্বইতেই ১২ হাজারের বেশি করোনা আক্রান্ত রয়েছেন। বাণিজ্যনগরীতে এখনও পর্যন্ত ৪৬২ জন মারা গিয়েছেন।












Click it and Unblock the Notifications