বিহারে সরকারি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে হাসপাতালে ৭০ জন, সঙ্কটজনক এক পড়ুয়ার অবস্থা
বিহারের মাধেপুরায় মিড ডে মিল খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ল অন্তত ৭০ জন পড়ুয়া। মাধেপুরা থানার অন্তর্গত সাহুগড় গ্রামের একটি সরকারি স্কুলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অসুস্থ পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একজন পড়ুয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুরে মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পরই কয়েকজন পড়ুয়ার শরীরে অস্বস্তি শুরু হয়। প্রথমে বমি ও পেটের ব্যথার অভিযোগ ওঠে। ধীরে ধীরে একের পর এক শ্রেণি থেকে অসুস্থ পড়ুয়ার খবর আসতে থাকে। হঠাৎ এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ায় স্কুল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকেরা। গ্রামবাসীরাও উদ্ধারকাজে হাত বাড়িয়ে দেন। দ্রুত অ্যাম্বুল্যান্স ও অন্যান্য যানবাহনের সাহায্যে পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, অধিকাংশ পড়ুয়ারই বমি ও তীব্র পেট যন্ত্রণার উপসর্গ রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিলের খাবারে টিকটিকি পড়ে গিয়েছিল, যার জেরেই বিষক্রিয়ায় পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা ওই স্কুলে মিড ডে মিল সরবরাহ করত। ঘটনার খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি সঙ্গে সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরকে জানায়।
একসঙ্গে এতজন পড়ুয়া অসুস্থ হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভও দেখানো হয়।
ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছান জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার। তিনি পড়ুয়া ও চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেন। পরে তিনি জানান, "সব পড়ুয়ার চিকিৎসা চলছে। যে সংস্থা খাবার সরবরাহ করেছিল, তাদের শোকজ করা হয়েছে। মিড ডে মিলের খাবার পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। কোনও ত্রুটি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"












Click it and Unblock the Notifications