করোনার ঠ্যালা! বেঙ্গালুরুতে ৪৭টি ছাগল গেল কোয়ারেন্টাইনে
করোনার ঠ্যালা! বেঙ্গালুরুতে ৪৭টি ছাগল গেল কোয়ারেন্টাইনে
মানুষ তো বটেই তার পাশাপাশি পশুদেরকেও কোয়ারেন্টাইনে পাঠানো হল। এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, মঙ্গলবার এক ছাগপালকের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ার পর তাঁর পোষ্য ৪৭টি ছাগলকে কোয়ারেন্টাইনে পাঠানো হল। ঘটনাটি ঘটেছে তুমাকুরু জেলার গোদেকেরে গ্রামে।

দুই গ্রামবাসী করোনায় আক্রান্ত ও মৃত চার ছাগল
সূত্রের খবর, চিকন্নাকানাহালি তালুক গ্রামে ৩০০ টি বাড়িতে ১০০০ জনের বসতি। সম্প্রতি ওই গ্রামের ছাগ পালক সহ দুই গ্রামবাসীর করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর ছাগল লালনকারীর চারটে ছাগল মারা যাওয়ার পর গ্রামে আতঙ্কের সৃষ্টি হয়।

ছাগলদের সোয়াবের নমুনা সংগ্রহ
জেলার স্বাস্থ্য আধিকারিক ও পশুচিকিৎসক মঙ্গলবার গ্রাম পরিদর্শনে আসেন এবং ওই ছাগলদের গ্রামের বাইরে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার আগে তাদের সোয়াবের নমুনা টেস্টের জন্য নিয়ে যায়। ওই দলটি গ্রামবাসীর কাছ থেকে প্রচণ্ড প্রতিরোধের মুখোমুখি হয়, কারণ গ্রামবাসীরা সন্দেহ করেছিল যে তাঁরা ছাগল চুরি করতে এসেছিল। এরপর সরকারি আধিকারিকরা গ্রামবাসীদের বোঝান যে ওই ছাগলদের জন্য তাঁদের প্রাণের ঝুঁকি হতে পারে তাই ওই পশুদের টেস্ট করা প্রয়োজন।

মৃত ছাগলদের ময়নাতদন্ত
পশুপালন বিভাগের সচিব পি মনিভানান জানিয়েছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন এবং মৃত ছাগলদের ময়নাতদন্ত করা হবে। সোয়াবের নমুনা পাঠানো হয়েছে বেঙ্গালুরুর ইনস্টিটিউট অফ অ্যানিমাল হেল্থ ও ভেটারিনারি বায়োলজিকালসে।

মানুষ থেকে প্রাণীতে সংক্রমণ হয়নি
আইএএইচভিবি-এর ডিরেক্টর ডাঃ এসএম বায়ারগোডা বলেন, ‘এখনও পর্যন্ত মানুষ থেকে পশুতে করোনা ভাইরাস ছড়িয়েছে এমন কোনও খবর নেই। যাইহোক আমরা নমুনাগুলি কোভিড টেস্টের জন্য ভোপালে পাঠিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে কিটস উপলব্ধ নয়।' ডাঃ বিএ চিদানন্দা জানিয়েছেন যে নোভেল করোনা ভাইরাসের মতো জোনোটিক ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। পশু বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ওই প্রাণীগুলি পেস্ট ডেস পেটিস রুমিনান্টস ও মাইকোপ্লাজমা সংক্রমণে ভুগছে, যার জন্য তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানোর প্রয়োজন রয়েছে।












Click it and Unblock the Notifications