আপনাকেও শাসক দলের কাছে মাথানত করতে দেখেছি, ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
দ্বিতীয় বার স্পিকার পদে বসলেন ওম বিড়লা। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে অতীতের ঘটনা টেনে স্পিকারকে পুরনো কথা মনে করিয়ে দিয়েছেন কলকাতা উত্তর কেন্দ্রের সাংসদ।
বিরোধীদের কণ্ঠস্বর গত লোকসভায় রুদ্ধ হয়েছে। বারবার এই অভিযোগ বিরোধীদের পক্ষ থেকে উঠেছিল। গত বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। মোদী সরকার তৈরি হয়। প্রধান বিরোধী দলের মর্যাদাও কংগ্রেস পায়নি। যদিও সেক্ষেত্রে অধীর চৌধুরীকে লোকসভার বিরোধী দলনেতা ঘোষণা করা হয়েছিল।

ছবি সৌজন্য-ANI/X
এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, দ্বাদশ লোকসভায় প্রথম তিনি নির্বাচিত হয়ে এসেছিলেন। সংসদের অনেক অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন। বিরোধীরা না থাকলে সংসদ সঠিক ভাবে চলত না। এবার দেশ একজন বিরোধী দলনেতা পেয়েছেন।
গত বার একতরফা ভাবে লোকসভায় একের পর এক বিল পাশ হয়েছে। বিরোধীদের বক্তব্য সেই অর্থে শোনা হয়নি। শুধু তাই নয়, বিরোধীরা সরকারের বিরোধিতা করলে তাদের সাসপেন্ড পর্যন্ত হতে হয়েছে। এই নজিরও রয়েছে গত লোকসভা ভবনে। সেই সব ঘটনার কিছু আভাস সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে রাখলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন প্রথমে বক্তব্য রাখেন। তারপর বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখেন রাহুল গান্ধী। অখিলেশ যাদবের পরে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেন। বক্তব্যের শুরুতেই সুদীপ ওম বিড়লাকে স্পিকার নির্বাচিত হওয়ার জন্য শুভেচ্ছা জানান।
সুদীপ বলেন, " আপনার মধ্যে অনেক ইতিবাচক ইচ্ছা আছে। তবে মাঝেমধ্যে আপনাকে শাসক দলের কাছে মাথা নত করতে দেখেছি। ১৫০ জন সাংসদকে এখানে একদিনে বহিষ্কার করা হয়েছে। যা মেনে নেওয়া যায় না। "
তিনি আরও বলেন, " প্রধানমন্ত্রী এখানে অনেক বিল এনেছেন। আমরা মেনে নিয়েছি। সহযোগিতা করেছি। তবে অনেক বিল কোনও আলোচনা ছাড়াই পাশ হয়েছে। বিল নিয়ে বিরোধীদের সঙ্গে সঠিক আলোচনাই করা হয়নি। বিরোধীদের উপেক্ষা করা ঠিক নয়। ১৪০ কোটি মানুষ যেন কিছু আশা পায়। এটাই আমাদের লক্ষ্য। "












Click it and Unblock the Notifications