সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলবেন ৪১-এ, হাল না ছাড়া কণ্ঠে ইব্রাহিমোভিচ জানালেন
হাল না ছাড়া কণ্ঠে ইব্রাহিমোভিচ জানালেন, সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলবেন ৪১-এ
কবীর সুুমনের বিখ্যাত 'হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে' গানটি তাঁর ক্ষেত্রেই মানানসই। খেলোয়াড় জীবনে দীর্ঘ ঘাত-প্রতিঘাত সহ্য করা জ্লাতান ইব্রাহিমোভিচ ৩৯ বছর বয়সে নিজের জন্য নতুন লক্ষ্য স্থির করলেন। পাঁচ বছর পর অবসর ভেঙে জাতীয় দলে ফিরে তিনি জানালেন যে সুইডেনের হয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপে অংশ নেওয়াই তাঁর লক্ষ্য। ৪১ বছর বয়স তাঁর কাছে কোনও বাধা হবে না বলেই মনে করেন তারকা ফুটবলার।

২০১৬ সালের ইউরো কাপ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। পাঁচ বছর পর ফের সুইডেন দলে আমন্ত্রণ জানানো হয়। জাতীয় দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন কিংবদন্তি ইব্রা। এই মুহুর্তগুলো যে তাঁর কাছে কতটা গর্বের, তা মুখে প্রকাশ করতে না পেরে আবেগে কেঁদেই ফেলেন ৩৯ বছরের বিশ্ব কাঁপানো ফুটবলার। জানান যে অবসর নেওয়ার এত বছর পরেও যে তিনি জাতীয় দলে ডাক পাবেন, তা তাঁর ভাবনাতেই ছিল না। এতে তাঁর পরিবারও দারুণ খুশি বলে জানিয়েছেন এসি মিলানের ফরোয়ার্ড।
এখনও পর্যন্ত সুইডেনের হয়ে ১১৬টি ম্যাচ খেলে ৬২টি গোল করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ২০২০ সালের শেষ লগ্নে তিনি অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ফুটবলে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। ইব্রার সঙ্গে কথা বলতে মিলানে ছুটে গিয়েছিলেন সুইডেন দলের কোচ অ্যান্ডারসন। ৩৯ বছরের তারকা ফুটবলার জানিয়েছিলেন যে বর্তমান সুইডেন দলের খেলা দেখে তিনি ততটা সন্তুষ্ট নন। আর সে জন্যই তিনি ফের জাতীয় দলের হয়ে খেলতে চান বলে জানিয়েছিলেন ইব্রাহিমোভিচ।
দেশের হয়ে ম্যাচ জেতাই তাঁর প্রাথমিক লক্ষ্য বলে জানিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তই বেশি কথা না বলে তিনি যা করার মাঠে নেমেই করবেন বলে জানিয়েছেন ৩৯ বছরের তারকা। সুইডেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করানোই তাঁর প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ইব্রা।












Click it and Unblock the Notifications