Year Ender 2023:সাফ চ্যাম্পিয়ন থেকে স্টিমাচের মেয়াদ বৃ্দ্ধি, এক নজরে ২০২৩ সালে ভারতীয় ফুটবল দলের সেরা ঘটনাগুলি
বিদায়ের পথে ২০২৩, দুয়ারে ২০২৪। বছর শেষে হিসাবে কষা শুরু হয়ে গিয়েছে। প্রতিটি ক্ষেত্রের মতোই খেলার মাঠেও চলতি বছরে ঘটেছে একাধিক ঘটনা। সাফল্য-ব্যর্থতা-বিতর্ক সবই আছে। ব্যতিক্রম নয় ফুটবলও। এই প্রতিবেদনে তুলে ধরা হল ২০২৩ সালে ভারতীয় ফুটবলের সেরা মুহূর্তগুলি।
সাফ ফুটবল চ্যাম্পিয়ন হল ভারত। ফাইনালে কুয়েতকে হারালেন সুনীল ছেত্রীরা। ২০২৩ সালের সাফ কাপ অনুষ্ঠিত হয় বেঙ্গালুরুতে। ফাইনাল ম্যাচে পেনাল্টি বাঁচিয়ে নায়ক ৩১ বছরের গুরপ্রীত সিং সান্ধু। নির্ধারিত সময় খেলার ফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত হতাশ করেননি। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা রাখলেন, তাঁর হাতেই আটকে গেল কুয়েত।

সাফ কাপ জেতার পাশাপাশি ত্রি দেশীয় টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয় ভারত। মণিপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে অনিরুদ্ধ থাপার গোলে মায়ানমারকে হারায় ভারত। দ্বিতীয় ম্যাচে কিরঘিস্থানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। তবে সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আছে। কিংস কাপ এবং মারডেকাতে চূড়ান্ত ব্যর্থ হয় ভারতীয় ফুটবল দল।
দীর্ঘ টালবাহানার পর এশিয়ান গেমসে খেলতে নামে ভারত। চিনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের বাধা টপকে নক আউটেও পৌঁছায় সুনীল ছেত্রীরা।বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর চিনের কাছে হারে ভারত।
গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মায়ানমারের সঙ্গে এক-এক ড্র করে এশিয়ান গেমস ফুটবলের নকআউটে যায় ভারত। ১৩ বছর পর এশিয়ান গেমসের মঞ্চে ইতিহাস তৈরি করলেন সুনীল ছেত্রীরা। মায়ানমারের সঙ্গে ড্র করার ফলে গ্রুপ থেকে রানার্স হয়েই দ্বিতীয় রাউন্ডে যায় ভারত। নকআউটে ভারতের প্রতিপক্ষ ছিল সৌদি আরব। কিন্তু সেই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ভারত।
ভারতীয় দলের কোচ হিসাবে মেয়াদ বাড়ল ইগর স্টিমাচের। ২০২৬ সালের জুন মাস পর্যন্ত কোচের মেয়াদ বৃদ্ধি করা হল। তাঁকে নিয়ে বিতর্কও কম হয়নি। জ্যোতিষী কাণ্ডে বিতর্ক বেড়েছিল ইগরকে নিয়ে। শেষ পর্যন্ত স্টিমাচের উপরই ভরসা রাখল ভারতীয় ফুটবল ফেডারেশন।
২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যাতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতকে তাদের ঘরের মাঠে হারাল ভারত। ম্যাচের একমাত্র গোলটি করেন মনবীর সিং। এছাড়াও চলতি বছরে বাবা হলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।












Click it and Unblock the Notifications