৭ দিনে ২ বার কোভিড-১৯ পজিটিভ সালাহ, করোনা আক্রান্ত আর্সেনালের মিডফিল্ডারও
৭ দিনে ২ বার কোভিড-১৯ পজিটিভ সালাহ, করোনা আক্রান্ত আর্সেনালের মিডফিল্ডারও
সাত দিনের মধ্যে দ্বিতীয়বার লিভারপুল তথা মিশরের স্ট্রাইকার মহম্মদ সালাহের কোভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে। ফলে আগামী রবিবার লেস্টারের বিরুদ্ধে প্রিমিয়ার লিগের ম্যাচে তিনি খেলতে পারবেন না। একই সঙ্গে আর্সেনালের মিশরীয় মিডফিল্ডার মহম্মদ ইনানির করোনা রিপোর্টও আরও একবার পজিটিভ আসায় আতঙ্কিত হয়েছেন ফুটবল প্রেমীরা। তবে দুই ফুটবলারের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। সালাহ ও ইনানিকে আইসোলেশনে রাখা হয়েছে।

চলতি প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত আটটি গোল এসেছে লিভারপুলের স্ট্রাইকার মহম্মদ সালাহের বুট থেকে। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিনিই সর্বাধিক গোলদাতা। প্রিমিয়ার লিগের গত মরশুমে ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল মিশরীয় স্ট্রাইকারের। এবারও তিনি লিভারপুলকে সেই উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা ফুটবল প্রেমীদের। সেই আশতে তাল কেটেছে সালাহের করোনা আক্রান্ত হওয়ার খবরে।
মিশরের হয়ে আফ্রিকা নেশন কাপের যোগ্যতা অর্জন পর্বে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মহম্মদ সালাহ। গত শনিবার টোগের বিরুদ্ধে খেলতে নামার কথা ছিল লিভারপুল স্ট্রাইকারের। ম্যাচে নামার আগে দলের অন্যান্য ফুটবলারদের সঙ্গে কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন সালাহ। সেই রিপোর্ট পজিটিভ এসেছিল। ইতিমধ্যে আরও একবার সালাহের কোভিড-১৯ টেস্ট করা হয়। সেই রিপোর্টও পজিটিভ এসেছে বলে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।
অন্যদিকে গত সোমবার আর্সেনালের মিশরীয় স্ট্রাইকার মহম্মদ ইনানির কোভিড ১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছিল। ফলে তাঁকেও আফ্রিকা নেশন কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে সরে দাঁড়াতে হয়েছিল। মহম্মদ সালাহের সঙ্গে আরও একবার ইনানির কোভিড ১৯ টেস্ট করা হয়। সেই রিপোর্টও পজিটিভ এসেছে বলে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে।
তবে করোনা ভাইরাসে আক্রান্ত মহম্মদ সালাহ ও মহম্মদ ইনানির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। বলা হয়েছে যে চিকিৎসকের পরামর্শ মতোই সময় কাটাচ্ছেন দুই তারকা ফুটবলার। মিশর ফুটবল দলের অন্যান্য সদস্যদের আরও একবার করে করোনা ভাইরাস টেস্ট করানো হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications