আইএসএল তিমিরেই, এআইএফএফ নাকচ করে দিল ক্লাবগুলির প্রস্তাব, গঠিত নয়া কমিটি
আইএসএল-এর মালিকানা চিরতরে ক্লাবগুলির হাতে তুলে দেওয়ার প্রস্তাব সর্বভারতীয় ফুটবল ফেডারেশন-এর জেনারেল বডিতে পাস হলো না। তবে বিষয়টির সমাধানের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার দশটি আইএসএল ক্লাব লিগের মৌলিক পুনর্বিন্যাসের প্রস্তাব দেয়। তাদের দাবি ছিল, এআইএফএফকে নিয়ন্ত্রক রেখে ক্লাব-মালিকানাধীন মডেলে "চিরস্থায়ী" অপারেশনাল ও বাণিজ্যিক অধিকার তাদের হাতে থাকবে।

এআইএফএফ-এর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই প্রস্তাবটি উপস্থাপিত হলেও তা অনুমোদিত হয়নি। এআইএফএফ বিবৃতিতে জানায়, মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়া "আইএসএল-এর ভবিষ্যৎ সংক্রান্ত" প্রস্তাবটি এজিএম-এ উপস্থাপন করেন। তবে লিগ চিরতরে ক্লাবগুলোর অধীনে পরিচালনার দাবিতে "মিশ্র প্রতিক্রিয়া" আসায় একটি তিন সদস্যের কমিটি গঠিত হয়েছে।
এই কমিটিতে আছেন কেরল ফুটবল অ্যাসোসিয়েশনের নভাস মীরান, গোয়ার কাইটানো ফার্নান্দেজ ও পশ্চিমবঙ্গ ফুটবল অ্যাসোসিয়েশনের অনির্বাণ দত্ত। এআইএফএফ ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ পদাধিকার বলে সদস্য। তাঁরা ২২ থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে চেন্নাইয়িন এফসি, মুম্বই সিটি এফসি, দিল্লি স্পোর্টিং ক্লাব, নর্থইস্ট ইউনাইটেড এফসি, ও মোহনবাগান সুপার জায়ান্ট-এই পাঁচটি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
বিবৃতিতে বলা হয়েছে, কমিটির উদ্দেশ্য সুপ্রিম কোর্ট নির্ধারিত এআইএফএফ সংবিধান মেনে একটি সিদ্ধান্তে পৌঁছানো। এআইএফএফ আরও জানায়, প্রয়োজনে তারা ফিফা এবং এএফসি-র সঙ্গে পরামর্শ করবে, অন্যান্য দেশের দৃষ্টান্ত পর্যালোচনার জন্য। এই প্রক্রিয়া চলাকালীন, ফিফা ও এএফসি-র পর্যবেক্ষক প্রিন্স রুফাস এবং নীরেন মুখোপাধ্যায়পরামর্শ দেন যে, এআইএফএফ সংবিধানই সিদ্ধান্তগুলির চূড়ান্ত কর্তৃপক্ষ।
মনে করা হচ্ছে, আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে দ্রুত অনিশ্চয়তা কাটার সম্ভাবনা ক্ষীণ। পূর্বে ক্লাবগুলি নতুন সংবিধানের "বাণিজ্যিকভাবে সীমাবদ্ধ" ধারাগুলি সংশোধনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে এআইএফএফকে বলেছিল। ভারতীয় ফুটবলকে চরম বিশৃঙ্খলায় পড়তে হয়েছে। কারণ এফএসডিএল গত জুলাই মাসে জানায়, ৮ ডিসেম্বরে শেষ হওয়া ১৫ বছরের মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট নবীকরণের স্পষ্টতা না থাকায় শীর্ষ লিগ বন্ধ রাখা হয়েছে।
আইএসএল-এর বাণিজ্যিক অধিকারের টেন্ডারে সাড়া না মেলায়, বিচারপতি রাও এআইএফএফ-এর কর্তৃত্ব ও সম্ভাব্য দরদাতাদের বাণিজ্যিক স্বার্থের ভারসাম্য রক্ষার সুপারিশ করেন সুপ্রিম কোর্টকে। শনিবারের এজিএম-এ কার্যনির্বাহী কমিটির অভিজিৎ পাল, ভ্যালঙ্কা আলেমাই এবং ইমামি ইস্টবেঙ্গল এফসি-র ডিরেক্টর দেবব্রত সরকারের আপত্তি পত্রগুলি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়।
জেনারেল বডি আই-লিগের ক্লাবগুলির প্রস্তাবও বিবেচনা করে আরেকটি তিন সদস্যের কমিটি গঠন করে। এ ছাড়াও, এআইএফএফ সংবিধান মেনে স্বাধীন বিচার বিভাগীয় কমিটির চেয়ারপার্সন ও ডেপুটি চেয়ারপার্সন হিসাবে অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারক, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ও প্রাক্তন আইপিএস অফিসারদের নিয়োগ অনুমোদন করেছে।












Click it and Unblock the Notifications