মোহনবাগান রত্নে ভূষিত হচ্ছেন শিবাজী, বর্ষসেরা রয় কৃষ্ণ-অভিমন্যু-বিদিশা
মোহনবাগান দিবসে মোহনবাগান রত্ন এবং বর্ষসেরা ক্রিকেটার, বর্ষসেরা ফুটবলার ও বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার কাদের দেওয়া হবে তা চূড়ান্ত হয়ে গেল। আজ ক্লাবের কর্মসমিতির সদস্যদের ভার্চুয়াল বৈঠকের পর পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে।

(ছবি- মোহনবাগান ফেসবুক)
এ বছর মোহনবাগান রত্নে ভূষিত হচ্ছেন প্রয়াত গোলরক্ষক শিবাজী বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন রয় কৃষ্ণ। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন অভিমন্যু ঈশ্বরণ। বিদিশা কুণ্ডু পাবেন বর্ষসেরা অ্যাথলিটের পুরস্কার। শিবাজী বন্দ্যোপাধ্যায়কে মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছেন ক্লাবকর্তারা। ২৯ জুলাই পুরস্কার প্রদান করা হবে। অভিমন্যু ঈশ্বরণ এই মুহূর্তে ইংল্যান্ডে ভারতীয় টেস্ট দলের সঙ্গে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে রয়েছেন। রয় কৃষ্ণও রয়েছেন দেশে। রাজ্যে জারি থাকা করোনা বিধিনিষেধের মধ্যেই ক্লাবে অনাড়ম্বর অনুষ্ঠানে শিবাজীর পরিবারের সদস্যদের হাতে এই সম্মান তুলে দেওয়া হবে। ওইদিন ক্লাবের অনুষ্ঠানে থাকবেন বিদিশাও।
১৯৭৭ সালে মোহনবাগানে যোগ দেওয়ার পর আট বছর সবুজ মেরুনে খেলেছেন শিবাজী বন্দ্যোপাধ্যায়। প্রথম দলে প্রথমদিকে সুযোগ না পেলেও পরে হয়ে ওঠেন দলের অবিচ্ছেদ্য অঙ্গ। ইডেনে মোহনবাগান ও কসমস ম্যাচে ফুটবল সম্রাট পেলের পা থেকে একাধিকবার বল কেড়ে নিয়েছিলেন। বাঁচিয়েছিলেন ফ্রি কিক। তাঁর অসামান্য গোলকিপিং দক্ষতার প্রশংসা করেছিলেন খোদ পেলে। টাইব্রেকার বা পেনাল্টি সেভ করার ক্ষেত্রেও শিবাজীর দক্ষতা ছিল অসাধারণ। এর আগেও মরণোত্তর মোহনবাগান রত্নে ভূষিত করা হয়েছে ক্লাবের কিংবদন্তিদের। তবে মৃত্যুর চার বছরের মধ্যে শিবাজীর আগে কাউকে তা প্রদান করা হয়নি। মোহনবাগান রত্ন প্রদানের খবরে শিবাজী বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারও খুশি। অন্যদিকে, এটিকে ও এটিকে মোহনবাগানের হয়ে ফিজির রয় কৃষ্ণ ৪৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ২৯টি, অ্যাসিস্ট ১৪টি। ২০১৯-২০ মরশুমে এটিকে চ্যাম্পিয়ন করানোর পিছনে তাঁর যেমন অবদান ছিল, তেমনই গতবার এটিকে মোহনবাগানকে আইএসএল ফাইনালে তোলার অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি। গত আইএসএলে তিনি হিরো অব দ্য লিগের পুরস্কারও পেয়েছেন।












Click it and Unblock the Notifications