প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ বাতিল মেসির, জানা গেল আসল কারণ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির সাক্ষাৎ বাতিল। শেষ মুহূর্তে তা বাতিল হয়। জানা গেল এর নেপথ্য কারণ।
আজ মুম্বই থেকে মেসির বিমান নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরিতে পৌঁছয়। সে কারণেই মোদী-মেসি সাক্ষাৎ হলো না।

আজই ওমান, ইথিওপিয়া ও জর্ডন রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। এই দেশগুলিতে দ্বিপাক্ষিক আলোচনার জন্য। জানা গিয়েছিল, আজ দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মেসির বৈঠকের জন্য ২১ মিনিটের সময় নির্ধারিত ছিল। বৈঠক বাতিলের খবর নিশ্চিত হয় আজ সকালে। কুয়াশা ও খারাপ আবহাওয়ায় মুম্বই থেকে দিল্লির মেসির ফ্লাইট প্রায় দুই ঘণ্টা দেরিতে চলার খবর আসতেই।
ভারত ছাড়ার আগে মোদী জানান, "আজ আমি জর্ডন, ইথিওপিয়া এবং ওমান - এই তিনটি দেশে যাচ্ছি। এই দেশগুলোর সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা ও বর্তমানের ব্যাপক দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।" কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইয়ের অনুষ্ঠান শেষে দিল্লিতে সফর শেষ করার কথা ছিল মেসির। জানা যাচ্ছে, বৈঠকের সূচিতে বদল করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান এবং ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি।
মেসির অরুণ জেটলি স্টেডিয়ামেও যাওয়ার কথা। যেখানে তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হবে। তিনি ফুটবল ম্যাচ দেখবেন, শিশুদের সঙ্গে ফুটবল ক্লিনিকে অংশ নেবেন ও ক্রিকেটারদের সঙ্গে উপহার বিনিময় করে বিজয়ী দলকে ট্রফি দেবেন। বিরাট কোহলিরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা যাচ্ছে, একটি ক্রীড়া প্রস্তুতকারক সংস্থার এক ইভেন্টে মেসির সঙ্গে রোহিত শর্মার দেখা হতে পারে। এরপর মেসি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন, কারণ তাঁর ফ্লাইট রাত ৮টায় নির্ধারিত।












Click it and Unblock the Notifications