বেতন কমলেও বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি, জেনে নিন নতুন চুক্তির খুঁটিনাটি
জল্পনার অবসানে আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। আর্জেন্তিনার অধিনায়ক তথা বার্সেলোনার ঘরের ছেলে লিওনেল মেসি থাকছেন বার্সেলোনাতেই। আর্থিক অঙ্কের পরিমাণ কমে অর্ধেক হলেও নতুন চুক্তি হতে চলেছে পাঁচ বছরের জন্য। শুধু তাই নয়, ফুটবল কেরিয়ার শেষের পরও যাতে মেসি বার্সার সঙ্গেই থাকেন বা প্রয়োজনে কোচিং কেরিয়ার শুরু করতে পারেন সে ব্যাপারে আগেই তাঁকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্লাবের তরফে। তবে নতুন চুক্তি নিয়ে আর কোনও সংশয় নেই বলেই দাবি করেছেন বিশ্ব ফুটবলের একটি জনপ্রিয় ওয়েবসাইট।

মেসিকে নিয়ে জল্পনা
টিনএজার হিসেবে বার্সায় মেসির অভিষেক হয় ২০০৪ সালে। কিন্তু নতুন চুক্তি স্বাক্ষর না হওয়ায় ১ জুলাই থেকে মেসি ফ্রি এজেন্সি পুলে চলে যান। তাতেই জল্পনা জোরালো হতে থাকে, মেসির বার্সায় ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠতে শুরু করে।

ছড়ায় বিভিন্ন ক্লাবের নাম
এরই মধ্যে জানা গিয়েছিল, মেসিকে নিতে আগ্রহী পিএসজি থেকে শুরু করে ম্যাঞ্চেস্টার সিটি, ইন্টার মিলান। তাঁর ছোটবেলার ক্লাব নিউওয়েলের ওল্ড বয়েজ কিংবা মেজর লিগ সকারে ডেভিড বেকহ্যামের ইন্টার মিয়ামির হয়েও মেসি খেলতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। একিন্তু ছয়বারের ব্যালন ডি'অর মেসি বার্সেলোনার পরিস্থিতি বুঝে ক্লাবের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য নতুন চুক্তি করতে চলেছেন। ঘোষণা হতে পারে যে কোনও মুহূর্তে। মেসিকে রাখতে পারা বার্সেলোনার বস জুয়ান লাপোর্তার পক্ষেও বড় কৃতিত্ব হতে চলেছে। তিনি প্রথম থেকেই দাবি করে আসছিলেন, মেসি বার্সেলোনাতেই থাকবেন।

চুক্তির অঙ্ক কমছে
সূত্রের খবর, গত পাঁচ বছরে মেসির সঙ্গে বার্সার চুক্তি ছিল ৫৫০ মিলিয়ন ইউরো বা ৬৫০ মিলিয়ন মার্কিন ডলারের। অর্থাৎ প্রতি মরশুমে মেসির বার্সেলোনায় আয় ছিল ৭৫ মিলিয়ন ইউরো বা ৮৯ মিলিয়ন মার্কিন ডলার। মেসি ও বাকিদের সই করাতে গিয়ে বার্সা কর্তাদের লা লিগার তরফে জারি করা স্যালারি ক্যাপের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে।

মেসিকে রাখতে মরিয়া বার্সা
বার্সেলোনার এমনিতেই ১.২ বিলিয়ন ইউরো ধার রয়েছে। ২০১৯ সালে বার্সেলোনার ফুটবলারদের জন্য স্যালারি ক্যাপ বা সর্বোচ্চ সীমা যেখানে ছিল ৬৭১ মিলিয়ন ইউরো, গত মার্চে করোনা পরিস্থিতির কারণে তা কমে হয়েছে ৩৪৮ মিলিয়ন ইউরো। লিগের প্রধান জেভিয়ান তেবাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারকাদের নিতে গিয়ে যেমন কোনও ফুটবলারের চুক্তির অঙ্ক অনৈতিকভাবে কমানো যাবে না, তেমনই স্যালারি ক্যাপের বেশি ফুটবলারদের জন্য খরচও করতে পারবে না বার্সা। ফলে মেসির পাশাপাশি এরিক গার্সিয়া, মেম্ফিস ডিপে, এমারসন, সার্হিও অ্যাগুয়েরোদের চুক্তির অঙ্কও প্রকাশ করতে পারছে না বার্সা। মেসিকে নিতে গিয়ে অতিরিক্ত ফান্ড তৈরিতে বেশ কয়েকজন ফুটবলারকে বিক্রি করার পথেও হাঁটতে হচ্ছে বার্সেলোনাকে।

মেসি বন্দনা অব্যাহত
বার্সার ওয়েবসাইটে ইতিমধ্যেই মেসিকে নিয়ে নানা পোস্ট করা শুরু হয়েছে। কোপা আমেরিকায় তাঁর সাফল্য থেকে ক্লাবের হয়ে সাফল্যের যাবতীয় পরিসংখ্যানও দেওয়া হচ্ছে। কোপায় ৪টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন মেসি। যৌথভাবে নেইমারের সঙ্গে হয়েছেন কনমেবলের বিচারে কোপা আমেরিকার সেরা ফুটবলার। সদ্যসমাপ্ত কোপায় সবচেয়ে বেশি ৫টি অ্যাসিস্ট করেছেন এলএম টেন। ফ্রি কিক থেকে সবচেয়ে বেশি ২টি গোল করেছেন। থ্রু বল বাড়ানোর সংখ্যা ৯, ২১টি সুযোগ তৈরি করেছেন। ফাইনাল থার্ডে সবচেয়ে বেশি ১৩৩টি পাস রয়েছে মেসির নামের পাশেই। শট নিয়েছেন ২৮টি, তার মধ্যে টার্গেটে ছিল ১১টি।












Click it and Unblock the Notifications