ISL: লক্ষ্য লিগ শিল্ডের আরও কাছে যাওয়া, কেরলের বিরুদ্ধে মোহনবাগান এসজি দলে একাধিক বদল করবেন মোলিনা?
শনিবার লিগ শিল্ড জয়ের দিকে আরও একধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান এসজি। শুক্রবার সকালে অনুশীলন করেই কোচি গেল সবুজ মেরুন দল।
সাহাল আব্দুল সামাদ, আশিস রাই বা অনিরুদ্ধ থাপা এই তিন ফুটবলার কে পাওয়ার ক্ষেত্রে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে মোহনবাগান এসজি শিবিরকে। কারণ এখনও পুরো ফিট হয়ে উঠতে পারেননি এই তিন ফুটবলার। পাশাপাশি কার্ড সমস্যায় কেরল ম্যাচে পাওয়া যাবে না মাঝমাঠের স্তম্ভ স্টুয়ার্টকে।

কেরলের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্টের জায়গায় ফিরতে চলেছেন দিমিত্রি পেত্রাতোস। স্টুয়ার্ট চোটে থাকাকালীন দিমিত্রিকেই প্রথম থেকে খেলিয়েছিলেন হোসে মোলিনা। পুরানো ছকেই ফিরতে চলেছেন তিনি। মাঝমাঠে দীপক টাংরিকেও ব্লকার হিসাবে খেলাতে পারেন আপুইয়ার সঙ্গে। আশিস রাইয়ের জায়গায় দীপেন্দু বিশ্বাসই সুযোগ পেতে চলেছেন।
বর্তমানে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে মোহনবাগান এসজি। আগামীকাল শনিবার কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলে মোহনবাগান এসজির পয়েন্ট হবে ২১ ম্যাচে ৪৯। আইএসএলে দ্বিতীয়বার লিগ শিল্ড জয়ের দুয়ারে মোহনবাগান এসজি। ৫২ পয়েন্ট পেলেই এবারও লিগ শিল্ড নিশ্চিত হয়ে যাবে সবুজ মেরুনের।
আগামী ২২ ফেব্রুয়ারি যদি কেরল কোনও ভাবে গোয়াকে হারিয়ে দিতে পারে, তা হলে সেদিন মাঠে না নেমেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে সবুজ মেরুন। কেরল যাওয়ার আগে মোহনবাগান এসজি কোচ বলে দিয়েছেন, আমরা লিগ শিল্ডের খুব কাছে আছি। দুটো স্টেপ গেলেই লিগ শিল্ড পাবো। ফলে আগামী দুই ম্যাচেই বিষয়টি সম্পন্ন করতে হবে। তবে কেরলকে হালকা ভাবে নিলে হবে না। আরও পরিশ্রম করতে হবে। লিগ শিল্ড কিন্তু আর আমাদের কাছে আসবে না। লিগ শিল্ডের কাছে আমাদের যেতে হবে।
শনিবারের ম্যাচে আশিক অবশ্য নিজের রাজ্যে মাটিতে খেলতে নামবেন। এই প্রসঙ্গে আশিক বলেন, সব ম্যাচেই সমান খিদে নিয়ে মাঠে নামি। এই ম্যাচে বাড়তি নিজেকে প্রমাণ করার কোনও লক্ষ্য নেই। আমাদের কাছে এখন প্রতি ম্যাচ ফাইনালের মতো। আমার পরিবারের সদস্যরা ও কয়েকজন বন্ধু মাঠে খেলা দেখতে আসবে। আমার বন্ধুরা বেশিরভাগই কেরালা ব্লাস্টার্সকে সমর্থন করে। কয়েকজন অবশ্য মোহনবাগানকে সমর্থন করে।
অন্য দিকে, এই ম্যাচে কেরালা ব্লাস্টার্স হয়তো পাবে না তাদের অন্যতম নির্ভরযোগ্য অ্যাটাকার নোয়া সাদাউইকে। চোটের কারণে তিনি আগামী দু'টি ম্যাচে নেই তিনি, যা ব্লাস্টার্সের কাছে এক বড় ধাক্কা।
মোহনবাগান এসজি যখন সুখী পরিবার তখন ইস্টবেঙ্গলে অশান্তি চরমে। শুক্রবার ইস্টবেঙ্গলের অনুশীলনে সমর্থকদের বিক্ষোভ প্রদর্শন করলেন। দলের টিম বাস , কোচ বা কিছু ফুটবলার যাঁরা গাড়িতে করে আসেন, তাঁদের সামনেও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন সমর্থকরা। ম্যানেজমেন্টের বিরুদ্ধে সোচ্চার হন সমর্থকেরা।












Click it and Unblock the Notifications