ISL: হতশ্রী পারফরম্যান্স, পাঞ্জাবের বিরুদ্ধে হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়ল মহমেডান
পয়েন্টের সন্ধান কিছুতেই পাচ্ছে না মহমেডান স্পোর্টিং। অনেক প্রত্যাশা নিয়েই আইএসএলের মঞ্চে খেলতে নেমেছিল কলকাতার তৃতীয় প্রধান। কিন্তু দেশের সেরা লিগে খেলতে এসে মহমেডান যেন আছে সেই তিমিরেই। শুক্রবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেল সাদা কালো ব্রিগেড।
আইএসএলের প্রথম দিকের ম্যাচে কিছুটা আশার ঝিলিক দেখালেও সময় যত এগোচ্ছে ততই মলিন হচ্ছে সাদা কালো। দল পর পর ম্যাচে হারলেও কোচ আন্দ্রের উপর ভরসা রেখেছেন কর্তারা। কিন্তু পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচেও ক্লাবের আস্থার মান রাখতেই পারলেন না মহমেডান ফুটবলাররা। একের পর এক ফুটবলার পরিবর্তন করলেন বা কখন চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে এলেন মহমেডানের একাধিক ফুটবলার।

পাঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথমার্ধ গোলশূন্য রাখতে সক্ষম হয়েছিল মহমেডান। রক্ষণকে মজবুত করেই আক্রমণ করার লক্ষ্য নেন আন্দ্রে। প্রথম ৪৫ মিনিট রালতে-সামাদরা রুখে দিলেন প্রতিপক্ষ দলের আক্রমণ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ভেঙে গেল মহমেডানের রক্ষণ। ম্যাচের ৫৫ মিনিটে পাঞ্জাব এফসির হয়ে প্রথম গোল করলেন লুকা। বক্সে সতীর্থের পাস পেয়ে নিখুঁত ফিনিশ করলেন।
৬৬ মিনিটে দ্বিতীয় গোল পেল পাঞ্জাব। ভিদালের পাস জোরালো শটে গোল করেলন ফিলিপ। ০-২ গোলে পিছিয়ে থেকে মহমেডানের ম্যাচ ফেরার সম্ভাবনা ছিল না। ম্যাচের বাকিটা সময় সেভাবে আক্রমণও করতে পারল না সাদা কালো ব্রিগেড।
আসলে মহমেডান দলে গোল করার লোকের অভাব। তার উপর ফুটবলারদের ফিটনেসও খুব ভালো নয়। ফলে ৯০ মিনিটের গতি নেই আন্দ্রের ছেলেদের। পাঞ্জাব ম্যাচেও বিষয়টি প্রকট হল। শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে হারলেও শেষ দিকে কিছুটা জ্বলে উঠেছিল মহমেডান, এই ম্যাচে সেটাও হল না।
এই ম্যাচ হেরে ১০ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থাকল মহমেডান। কাল ইস্টবেঙ্গল জিতলেই শেষে নেমে যাবে সাদা কালো ব্রিগেড। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকল পাঞ্জাব এফসি।












Click it and Unblock the Notifications