আইএসএল : নর্থ-ইস্টকে ২-১ গোলে হারিয়ে লিগ তালিকায় শীর্ষে উঠে এল এটিকে
শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবকে পিছিয়ে থেকেও ২-১ গোলে হারিয়ে দিল মোলিনার দল। আর সেইসঙ্গে প্রথম লেগের শেষে শীর্ষস্থানে উঠে এল।
গুয়াহাটি, ২৮ অক্টোবর : ফের একবার আইএসএল লিগ তালিকার শীর্ষে উঠে এল আতলেতিকো দে কলকাতা। এদিন শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবকে পিছিয়ে থেকেও ২-১ গোলে হারিয়ে দিল মোলিনার দল। আর সেইসঙ্গে প্রথম লেগের শেষে শীর্ষস্থানে উঠে এল।
এদিন নর্থ-ইস্টের ঘরের মাঠে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলা ছিল। ম্যাচের ৪০ মিনিটের মাথায় নর্থ-ইস্টকে গোল করে এগিয়ে দেন এমিলিয়ানো আলফারো। তবে ৬৩ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান অধিনায়ক পোস্তিগা। এরপরে ৮১ মিনিটের মাথায় এটিকে-কে জয়সূচক গোল এনে দেন বেলেনকোসো।

এই ম্যাচে জয়ের সুবাদে এটিকে প্রথম লেগের শেষে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেল। ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রইল নর্থ-ইস্ট ইউনাইটেড। কারণ ঘরের মাঠে পরপর দুটি ম্যাচে হার হজম করতে হল তাদের।
দুটি দলই বারবার প্রথম এগারোর খেলোয়াড় পরিবর্তন করে চমক দিতে চেয়েছে। এই ম্যাচেও সেরকম কিছুই ছিল। নর্থ-ইস্ট রোমারিক ও নিকোলালস ভেলেসকে ছাড়াই নামে। অন্যদিকে এটিকে ডেভিড হিউমকে এই ম্যাচে বসিয়ে দেয়।
অধিনায়ক তথা মার্কি খেলোয়াড় হেল্দার পোস্তিগাও ম্যাচের শুরু থেকে মাঠে নামেননি। দ্বিতীয়ার্ধে সমীঘ দৌতির বদলে পোস্তিগা নামলে এটিকে ছন্দ ফিরে পায়। পর্তুগিজ পোস্তিগা তাঁর পায়ের টাচে বিপক্ষ রক্ষণে ত্রাস সৃষ্টি করেন। এবং এটিকে-র হয়ে হেডে প্রথম গোলটি করেন। পরে বেলেনকোসো এটিকে-কে জয়সূচক গোল এনে দিয়ে লিগ তালিকার শীর্ষে তুলে দেন।












Click it and Unblock the Notifications