আইএসএলে ওঠা-নামার লড়াই! বড়দিনে সান্তা ক্লজের কাছে দলগুলির প্রার্থনা কী হতে পারে?
আইএসএলে ওঠা-নামার লড়াই! বড়দিনে সান্তা ক্লজের কাছে দলগুলির প্রার্থনা কী হতে পারে?
ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের প্রথম পর্ব প্রায় শেষ হওয়ার মুখে। ইতিমধ্যে টুর্নামেন্টে দলগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ও পয়েন্ট টেবিলে বিস্তর ওঠা-নামা পরিলক্ষিত হয়েছে। প্রতিযোগিতা যত এগোবে, লড়াই তত হাড্ডাহাড্ডি হবে বলে আশা ফুটবল প্রেমীদের। তার আগে দেখে নেওয়া যাক এই ক্রিস্টমাসে সান্তা ক্লজের কাছে দলগুলির প্রার্থনা কী হতে পারে।

মুম্বই সিটি এফসি
আইএসএলে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে অবস্থান করছে মুম্বই সিটি এফসি। গোলপার্থক্যেও অন্যান্য দলের থেকে এগিয়ে রয়েছে অভিনেতা রনবীর কাপুর শিবির। এই প্রাধান্য যাতে টুর্নামেন্টের শেষ পর্যন্ত কায়েম থাকে, সান্তা ক্লজের কাছে প্রার্থনা করবেন মুম্বই সিটি এফসি-র কোচ সার্জিও লেবোরা। স্ট্রাইকার বার্থ ওগেবেছে ও অ্যাডাম লে ফনড্রে-কে একসঙ্গে প্রথম একাদশে খেলানোর স্বপ্নও দেখতে পারেন মুম্বই কোচ। যা এখনও পর্যন্ত সম্ভব হয়নি।

এটিকে মোহনবাগান
সাত ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়েও গোলপার্থক্যে পিছিয়ে থাকার কারণে আইএসএল তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। এই পারফরম্যন্সের ধারা আগামী বছরও জারি থাকুক, সান্তা ক্লজের কাছে প্রার্থনা হতে পারে সবুজ-মেরুন ফ্যান ও কোচ আন্টোনিও লোপেজ হাবাসের। গত ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে যে আক্রমণাত্মক রণনীতি সফল হয়েছিল, টুর্নামেন্ট জুড়ে তারই জয়গান হোক, চান এটিকে মোহনবাগান ফ্যানরা।

বেঙ্গালুরু এফসি
সাত ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে বেঙ্গালুরু এফসি। যদিও টুর্নামেন্টে এখনও পর্যন্ত নিজের সেরাটা দিতে পারেননি সুনীল ছেত্রীরা। ফলে আগামী বছর দলের পারফরম্যান্সে উন্নতি হোক, সান্তা ক্লজের কাছে প্রার্থনা করবেন বেঙ্গালুরু কোচ চার্লস কুয়াড্রাট। সেই সঙ্গে তাঁর আশা, দলের অন্যতম স্তম্ভ আশিক কুরিয়ান চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরে আসুন।

নর্থইস্ট ইউনাইটেড
চলতি আইএসএলে শুরুটা ভালই করেছে নর্থইস্ট ইউনাইটেড। আট ম্যাচ থেকে ১১ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছে জেরার্ড নুসের দল। লিগ তালিকার চতুর্থ স্থানে তাঁদের অবস্থান। যদিও শেষ চার ম্যাচে জয়ের মুখ দেখেনি অভিনেতা জন আব্রাহামের দল। উল্টে অকারণে গোল খেয়ে নিজেদের বিপর্যয় ঢেকে এনেছে একাধিকবার। এই অভ্যাস থেকে বেরিয়ে আসাই হবে সান্তা ক্লজের কাছে নর্থইস্ট ইউনাইটেডের প্রার্থনা।

এফসি গোয়া
শুরুটা ভাল করেও মাঝে আচমকাই খেই হারিয়ে ফেলে এফসি গোয়া। তবু জামশেদপুর এফসি-কে গত ম্যাচে হারানোর সুবাদে ১১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইগর আনগুলো শিবির। টুর্নামেন্টের বাকি সময়ে ধারাবহিকতা ধরে রাখাই এফসি গোয়ার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। সান্তা ক্লজের আশীর্বাদ তারা পাবে কি?

জামশেদপুর এফসি
আইএসএলে আট ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান করছে জামশেদপুর এফসি। দলের স্ট্রাইকার নেরিজাস ভালসকিস ইতিমধ্যে প্রতিযোগিতায় ৬টি গোল করে ফেলেছেন। তা সত্ত্বেও দলের এতটা পিছিয়ে পড়া হয়তো কোচ ওয়েন কোয়েলের কাছে হতাশাজনক। এই পরিস্থিতি থেকে বোরোনোর আশা নিয়ে তিনি সান্তা ক্লজের কাছে প্রার্থনা করতে পারেন।

হায়দরবাদ এফসি
চলতি আইএসএলে মাত্র ২টি ম্যাচ জিততে সক্ষম হয়েছে হায়দরাবাদ এফসি। ছয় ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে অবস্থান করছে দক্ষিণের দল। যার অন্যতম চোটের কারণে মাঠে বিদেশি ফুটবলদের অনুপস্থিতিতে। সান্তা ক্লজের কাছে পরিস্থিতি পরিবর্তনের প্রার্থনা করবে হায়দরাবাদ এফসি।

চেন্নাইইন এফসি
৬ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা চেন্নাইইন এফসি এখনও পর্যন্ত টুর্নামেন্টে মাত্র ৫টি গোল দিতে পেরেছে। প্রতিযোগিতায় তাদের পিছিয়ে থাকার কারণও কমবেশি একই। তাই সান্তা ক্লজের কাছে গোলহীনতা দূর করার প্রার্থনা করবেন চেন্নাই কোচ কাসাবা লাসজলো।

কেরালা ব্লাস্টার্স
আইএসএল তালিকার নবম স্থানে থাকা কেরালা ব্লাস্টার্স এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৩ পয়েন্ট অর্জন করতে পেরেছে। দলের প্রধান খেলোয়াড়রা ফর্মে নেই। ফলে সঠিক টিম কম্বিনেশন খুঁজতে হিমশিম খাচ্ছেন কোচ কিবু ভিকুনা। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি দক্ষিণের দল।

ওড়িশা ও এসসি ইস্টবেঙ্গেলের প্রার্থনা একই
দুই দলেরই পয়েন্ট ২। আইএসএল তালিকার দশম স্থানে রয়েছে ওড়িশা এফসি। একাদশ অর্থাৎ সর্বশেষ স্থানে রয়েছে এসসি ইস্টবেঙ্গল। টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখাই সান্তা ক্লজের কাছে দুই দলের প্রার্থনা হতে পারে।












Click it and Unblock the Notifications