মোহনবাগানের মুশকিল আসান টুটু বসু আর নেই, প্রাক্তন ক্লাব সভাপতির প্রয়াণে শোকস্তব্ধ ময়দান
কলকাতা ময়দানে এক যুগের অবসান। প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বসু ওরফে টুটু বসু ৭৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন টুটু বসু। সোমবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তাঁর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন এবং চিকিৎসার জন্য একটি বিশেষ দল গঠনের নির্দেশ দেন। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন টুটু বসু।
ভারতীয় ক্লাব প্রশাসনের এক খ্যাতনামা চরিত্র ছিলেন টুটু বসু। ৯০ এর দশকের শুরু থেকে টানা তিন দশক মোহনবাগান ক্লাবের প্রশাসনে সরাসরি যুক্ত ছিলেন তিনি। এই সময়ে মোহনবাগানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন তিনি। ক্লাবের যে কোনও দুঃসময়ে মুশকিল আসান ছিলেন টুটু বসু। তাঁর প্রয়াণে ময়দানে এক অসীম শূন্যতা তৈরি হল।












Click it and Unblock the Notifications