ডুরান্ড কাপে আর্মি গ্রিনের বিরুদ্ধে দাপুটে জয় দিয়েই অভিযান শুরু এফসি গোয়ার
ডুরান্ড কাপে আর্মি গ্রিনের বিরুদ্ধে দাপুটে জয় দিয়েই অভিযান শুরু করল এফসি গোয়া। কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে নগুয়েরা রিপোল ও দেবেন্দ্র মুরগাওকরের গোলে তারা এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই জয়ের ফলে তিন পয়েন্ট নিয়ে বি গ্রুপের প্রথম স্থানে উঠে এসেছে এফসি গোয়া। সম পরিমাণ পয়েন্টে নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে অবস্থান করছে জামশেদপুর। যারা সোমবার সুদেবা দিল্লিকে ১-০ গোলের ব্যবধানে হারায়।

মঙ্গলবার ডুরান্ড কাপের বি গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম থেকেই প্রভাব বিস্তার করার চেষ্টা করে এফসি গোয়া। তুলনামূলক দুর্বল আর্মি গ্রিনের বিরুদ্ধে প্রথমার্ধে আক্রমণে ঝড় তোলে জুয়ান ফার্নান্দোর দল। শুরুর দিকে বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট করেন গোয়ার ফুটবলাররা। বেশ কয়েকবার আর্মি গ্রিনের ডিফেন্সের সামনে হার মানতে হয় এফসি গোয়ার খেলোয়াড়দের। যদিও বেশিক্ষণ দূর্গ অটুঁট রাখতে পারেননি আর্মি গ্রিনের ফুটবলাররা। ৩৫ মিনিটের মাথাতেই এক গোলের ব্যবধানে এগিয়ে যায় এফসি গোয়া। প্রথমার্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে আর্মি গ্রিনও। গোল করেন নাগুয়েরা রিপোল। এক গোলে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে এফসি গোয়া।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় জুয়ান ফার্নান্দোর দল। গোল করার মতো একাধিক পরিস্থিতি তৈরি করে ফেলে আইএসএল কাঁপানো দল। কিন্তু আর্মি গ্রিনের আঁটোসাঁটো ডিফেন্সের কাছে বারবার আটকে যেতে হচ্ছিল গোয়াকে। ৫৯ মিনিটে একটি দুর্দান্ত মুভ তৈরি করে তারা। রোমারিও জেসুরাজের বাড়ানো বল থেকে গোল করে দলের হয়ে ব্যবধান বাড়ান দেবেন্দ্র মুরগাওকর। ১০ মিনিট পর গোল করার সহজ সুযোগ পেয়ে গিয়েছিলেন আর্মি গ্রিনের লালাওমকিমা। সে সুযোগ তিনি হাতছাড়া করেন। বেশ কয়েকটি অসাধারণ সেভ করে এফসি গোয়ার নিশ্চিত পতন রুখে দেন গোলরক্ষক নবীন কুমার।
বলের নিয়ন্ত্রণ থেকে পাসিং ফুটবলে ম্যাচে আর্মি গ্রিনকে টেক্কা দিয়েছে এফসি গোয়া। প্রতিপক্ষের থেকে গোলে বেশি শটও মেরেছে জুয়ান ফার্নান্দোর দল। গোয়ার জয়ে খুশি তাদের কোচ। তবে খেলোয়াড়দের মনে যাতে আত্মতুষ্টি না তৈরি হয়, সেদিকেও নজর রাখছেন জুয়ান। অন্যদিকে দল আগামী ম্যাচেই ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন আর্মি গ্রিনের কোচ। ডুরান্ড কাপের বি গ্রুপে নিজেদের পরবর্তী ম্যাচ সুদেবা দিল্লির বিরুদ্ধে খেলবে এফসি গোয়া। ১৩ সেপ্টেম্বর হবে ওই ম্যাচ। ১৭ সেপ্টেম্বর জামশেদপুরের বিরুদ্ধে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে জুয়ান ফার্নান্দোর দল।
ডুরান্ড কাপর এ গ্রুপে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে বড় জয় পেয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। ৪-১ গোলের ব্যবধানে ম্যাচের ফয়সলা নির্ধারিত হয়েছিল। একই গ্রুপে সিআরপিএফ-কে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরু ইউনাইটেড। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল মোকাবিলা শুরু হবে। ২৭ ও ২৮ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল। ৩ অক্টোবর ডুরান্ড কাপের চলতি সংস্করণের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


Click it and Unblock the Notifications
