Euro Cup 2024: ইউরো কাপে দুরন্ত প্রত্যাবর্তন ইউক্রেনের, এগিয়ে থেকেও পরাস্ত স্লোভাকিয়া
Euro Cup 2024: ইউরো কাপে ই গ্রুপের লড়াই জমিয়ে দিল ইউক্রেন। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল স্লোভাকিয়া। সেই ম্যাচ ২-১ গোলে জিতে নিল ইউক্রেন।
ইভান স্ক্র্যাঞ্জের গোল এগিয়ে দিয়েছিল স্লোভাকিয়াকে। যদিও মাইকেলো শাপারেঙ্কো ও রোমান ইয়ারেমচুকের গোল তিন পয়েন্ট নিশ্চিত করে ইউক্রেনের।

ই গ্রুপে রোমানিয়া, ইউক্রেন ও স্লোভাকিয়ার পয়েন্ট ৩। তার মধ্যে রোমানিয়া খেলেছে ১টি ম্যাচ, বাকিরা ২টি। এই গ্রুপে থাকা বেলজিয়াম তাদের প্রথম ম্যাচ হেরেছিল। তবে গোলপার্থক্যের নিরিখে আপাতত রোমানিয়ার পর দ্বিতীয় স্থানের দখল নিল ইউক্রেন।
বেলজিয়ামের বিরুদ্ধে ইভান স্ক্র্যাঞ্জের করা একমাত্র গোলে জয় দিয়ে এবারের ইউরো কাপ অভিযান শুরু করেছিল স্লোভাকিয়া। আজ ডুসেলডর্ফ অ্যারেনায় সেই ইভান স্ক্র্যাঞ্জের করা গোলেই স্লোভাকিয়া ১৭ মিনিটে এগিয়ে গিয়েছিল। যদিও দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করায় তাদের শেষ ১৬-এ যাওয়া ঝুলে রইল।
ইউক্রেনকে ৩-০ গোলে প্রথম ম্যাচে হারিয়েছিল রোমানিয়া। আজ হারলেই ইউক্রেনের বিদায় নিশ্চিত হয়ে যেত। প্রথমার্ধে পিছিয়ে থাকার পরও হাল ছাড়েনি ইউক্রেন। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৯ মিনিটের মধ্যেই গোল পেয়ে যায় ইউক্রেন। ৫৪ মিনিটে শাপারেঙ্কোর গোলে সমতা ফেরায় তারা।
এরপর ৮০ মিনিটের মাথায় রোমান ইয়ারেমচুক জয়সূচক গোলটি করেন। প্রথমার্ধে স্লোভাকিয়ার দাপট থাকলেও সেই ধারাবাহিকতা তারা দেখাতে পারেনি দ্বিতীয়ার্ধে। ইউক্রেন বল দখলের লড়াইয়ে তাই দ্বিতীয়ার্ধে টেক্কা দিয়েছে প্রতিপক্ষকে। ২০১২ সালে সুইডেন ম্যাচের পর ফের ইউক্রেন পিছিয়ে পড়ার পর জয় ছিনিয়ে নিল। তাদের দুটি প্রয়াস পোস্টে প্রতিহত না হলে জয়ের ব্যবধান বাড়তেও পারতো। শেষ ম্যাচে স্লোভাকিয়া খেলবে রোমানিয়ার বিরুদ্ধে, ইউক্রেন মুখোমুখি হবে বেলজিয়ামের।












Click it and Unblock the Notifications