Euro 2020 : বেলের অভিযান শেষ, ৪ গোলের বন্যায় ওয়েলসকে ভাসিয়ে কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক
Euro 2020 : গ্যারেথ বেলের অভিযান শেষ, ওয়েলসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক
ইউরো কাপে অভিযান শেষ হল গ্যারেথ বেলের। প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার দল ওয়েলসকে হারিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ডেনমার্ক। লড়াই হাড্ডাহড্ডি হলেও সুযোগ নষ্টের খেসারত দিয়ে ইউরো কাপ থেকে ছিটকে গেল পরাজিত দল। প্রত্যাবর্তনেই দুই গোল করে ডেনমার্কের জয়ে নিজের ছাপ রাখলেন ক্যাসপার দোলবার্গ। খেলার ফলাফল ৪-০।

চলতি ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচ ফিনল্যান্ডের কাছে হেরে গিয়েছিল ডেনমার্ক। ওই ম্যাচ চলাকালীন হৃদযন্ত্র বিকল হয়ে মাঠেই লুটিয়ে পড়েছিলেন ক্রিশ্চিয়ান এরিসন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মিডফিল্ডার। তাঁর শুভেচ্ছাকে পাথেয় করে গ্রুপ পর্বে দুটি ম্যাচ হেরেও প্র্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছতে সক্ষম হয় ড্যানিশ শিবির। বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে রাশিয়াকে বড় গোলের ব্যবধানে হারিয়ে তা সম্ভব হয়।

এতটা এসে আর পিছনে ফিরে তাকাতে চায় না ১৯৯২ সালের ইউরো কাপ বা ইউরোপীয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ীরা। নেদারল্যান্ডসের আমস্টারডামে ওয়েলসের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম প্র্রি-কোয়ার্টার ফাইনালে ৩-৪-২-১ ছকের প্রথম একাদশ নিয়ে মাঠে নেমেছিল ডেনমার্ক। চোট এবং কার্ড সমস্যায় প্রথম সারির বেশ কয়েকজন ফুটবলারকে বাদ দিয়েই খেলতে নেমেছিলেন ড্যানিশরা। তা সত্ত্বেও শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে আক্রমণে ঝড় তোলেন তরুণ ক্যাসপার দোলবার্গ, মার্টিন ব্রাথওয়েটরা। ৪-২-৩-১ ছকে একাদশ সাজিয়েও প্রথম থেকেই প্র্রতি আক্রমণ নির্ভর রণনীতিতে এগোতে থাকে ওয়েলস। কেইফার মোরকে সামনে রেখে পিছন থেকে আক্রমণগুলি সংঘটিত করতে থাকেন গ্যারেথ বেল, অ্যারন রামসে, ড্যানিয়েল জেমস।

শুরু থেকেই বলের দখল নিজেদের কাছে রাখা ডেনমার্ক নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে ওয়েলসের রক্ষণভাগকে বারবার বিপদের মুখে ফেলতে থাকে। সফলতা আসে ম্যাচের ২৭ মিনিটে। ডেনমার্কের হয়ে এবং ম্যাচের প্রথম গোলটি করেন স্ট্রাইকার ক্যাসপার দোলবার্গ। প্রথমার্ধে গোল শোধ করার একাধিক সুযোগ পেলেও সেগুলি কাজে লাগাতে পারেনি গ্যারেথ বেলের ওয়েলস।
A 𝙫𝙚𝙧𝙮 memorable return ⚽️⚽️#EURO2020 https://t.co/ZLqaopCEfu pic.twitter.com/vzQvh5m0of
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021
দ্বিতীয়ার্ধে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। গোল শোধ দিতে প্রথম মিনিট থেকেই আক্রমণে উঠতে থাকে ওয়েলস। যদিও সফলতা হাসিল করতে ব্যর্থ হয় বেলের দল। উল্টে ৪৮ মিনিটের মাথায় উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে ম্যাচের ও নিজের দ্বিতীয় গোল করেন ডেনমার্কের ক্যাসপার। ম্যাচের বাকি সময়ে গোল শোধ করার সহজ সুযোগগুলি কাজে লাগাতে পারেনি ওয়েলস। উল্টে ৮৮ মিনিটে গোল করে শেষ আটে ডেনমার্কের প্রবেশ নিশ্চিত করেন জোয়াকিম। দলের হয়ে ইউরো কাপে নিজের প্রথম গোল করেন ড্যানিশ স্ট্রাইকার মার্টিন ব্রাথওয়েট। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে আসে ম্যাচের চতুর্থ গোল।
GOAL! Wales 0-4 Denmark (Braithwaite 90'+6).#EURO2020 pic.twitter.com/fwzlPa9sHD
— UEFA EURO 2020 (@EURO2020) June 26, 2021
২০০৪ সালে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল ডেনমার্ক। টুর্নামেন্টের ১৯৮৪ সালের সংস্করণের শেষ চারেও পৌঁছে গিয়েছিলেন ড্যানিশরা। নিজেদের সেই নজির চলতি ইউরো কাপে ডেনমার্ক ছাপিয়ে যেতে পারে কিনা, সেটাই দেখার।












Click it and Unblock the Notifications