Emiliano Martinez: মার্তিনেজের অনুষ্ঠানে তুমুল বিশৃঙ্খলা, লোগো বিতর্ক! উদ্যোক্তাদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
Emiliano Martinez: কলকাতায় আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের প্রথম অনুষ্ঠানেই তুমুল বিশৃঙ্খলা। যার জেরে তাল কাটলো মিলনমেলা প্রাঙ্গণে তাহাদের কথা অনুষ্ঠানের।
এক লক্ষ ২৫ হাজার টাকা দামের টিকিট কাটা দর্শকরা উদ্যোক্তাদের বিরুদ্ধে আনলেন চাঞ্চল্যকর অভিযোগ। যদিও সেই ক্ষোভ প্রশমনের চেষ্টা চলছে। মঞ্চে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের লোগো নিয়েও বিতর্ক রইল। মঞ্চে ওঠা প্রাক্তন ফুটবলারদের আদেখলাপনাতেও বিরক্ত অনেকেই।

মিলনমেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে মার্তিনেজকে দেখার জন্য বিভিন্ন ধাপের টিকিটের বন্দোবস্ত করা ছিল। যদিও ছিল না পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। অভিযোগ, বহু মানুষ টিকিট ছাড়াই ঢুকে পড়েন ভিতরে। অনেকেই অভিযোগ করেন, ১ লক্ষ ২৫ হাজার টাকার টিকিট যাঁরা কিনবেন তাঁরা মার্তিনেজের সঙ্গে লাঞ্চ সেরে, ছবি তুলে, অটোগ্রাফ করা জার্সি উপহার পাবেন।
কিন্তু উদ্যোক্তারা সেই প্রতিশ্রুতিরক্ষা করেননি বলে অভিযোগ। সে কারণে বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে। ন্যায্য দাবির কথা জানাতে গেলে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ঘাড়ধাক্কা দেন বলে অভিযোগ। ফলে একরাশ ক্ষোভ ও বিরক্তি নিয়ে ফিরতে হয় বহু মানুষকে। অভিযোগ, মিলনমেলায় ছবি তোলা যায়নি। এখন হোটেলে যেতে বলছে। সেখানে কীভাবে ঢুকব?

উদ্যোক্তাদের তরফে আশ্বাস দেওয়া হয়, আগামীকালের মধ্যে মার্তিনেজের সই করা জার্সি দেওয়া হবে। দর্শকদের মাত্রাছাড়া উন্মাদনা দেখে নিরাপত্তার কারণেই মার্তিনেজকে নির্ধারিত সময়ের আগে হোটেলে নিয়ে যাওয়া হয়। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত ফেসবুকে ভিডিও পোস্ট করে জানান, মার্তিনেজ জার্সিতে সই করছেন।
এরপর হোটেলের সামনে কয়েকজনকে মার্তিনেজের সই করা জার্সি দেওয়ার ভিডিও পোস্ট করা হয়। যদিও সেই ভিডিওর কমেন্টেই উদ্যোক্তাদের চোর তকমা দিয়ে লাখ লাখ টাকা মেরে দেওয়ার অভিযোগ করেন অনেকেই। যাঁরা ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন প্রতিশ্রুতিভঙ্গের জেরে, তাঁদের এই বঞ্চনা কীভাবে মেটানো হবে সেই প্রশ্ন ওঠে।
অলোক মুখোপাধ্যায়, সন্দীপ নন্দী, হেমন্ত ডোরার মতো প্রাক্তন ফুটবলাররা এমির সঙ্গে ছবি তুলতে মঞ্চে উঠে পড়েন। অনেকের সঙ্গে স্ত্রী-সন্তানেরাও ছিলেন। উদ্যোক্তাদের তরফে বারবার তাঁদের মঞ্চ থেকে নামার অনুরোধ করা হলেও কেউ তা শোনেননি। ফলে হুড়োহুড়ি পড়ে যায়। উদ্যোক্তাদেরই দোষ দিয়েছেন পুলিশকর্মীরা।

রইল লোগো বিতর্ক। মার্তিনেজের পিছনেই জায়ান্ট স্ক্রিনে ইস্টবেঙ্গলের লোগোয় লেখা ছিল এসসি ইস্টবেঙ্গল। যদিও এখন ইস্টবেঙ্গলের লোগোয় থাকে ইস্টবেঙ্গল এফসি। মোহনবাগান সুপার জায়ান্টের লোগো গতকালই প্রকাশিত হয়েছে। তার পরিবর্তে জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে এটিকে মোহনবাগান। মার্তিনেজকে দিয়ে জয় ইস্টবেঙ্গল ও জয় মোহনবাগান বলানো হয়। লাল হলুদের তরফে দেওয়া ইলিশ, সবুজ মেরুনের তরফে চিংড়ি।












Click it and Unblock the Notifications