মেসির বিক্রমে লা লিগায় রুদ্ধশ্বাস জয় বার্সার, হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ী রিয়ালও
মেসির বিক্রমে লা লিগায় রুদ্ধশ্বাস জয় বার্সার, হাড্ডাহাড্ডি ম্যাচে জয়ী রিয়ালও
লিওনেল মেসির বিক্রমে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় হাসিল করল বার্সেলোনা। সেই সঙ্গে খেতাব জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেল কাতালান ক্লাব। অন্য এক হাড্ডাহাড্ডি ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে দাপুটে জয় হাসিল করেছে রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে লা লিগার লড়াই যে জমে উঠেছে, তা অনায়াসে বলে দেওয়া যায়।

বার্সার দুর্দান্ত জয়
লা লিগার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। প্রথম থেকেই ম্যাচে আক্রমণাত্মক রণনীতি নেয় বার্সার ফুটবলাররা। প্রতি আক্রমণ নির্ভর পরিকল্পনায় এগোতে থাকে ভ্যালেন্সিয়া। যদিও ম্যাচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে এক গোলের ব্যবধানে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। গোল করেন গ্যাব্রিয়েল পাউলিস্টা। ৫৭ মিনিটে গোল শোধ দেন দুর্দান্ত ছন্দে থাকা লিওনেল মেসি। ৬৩ মিনিটে বার্সার হয়ে দ্বিতীয় গোল করেন আন্টোনিও গ্রিজম্যান। ৬৯ মিনিটে কাতালান ক্লাবের হয়ে তৃতীয় গোল করেন লিওনেল মেসি। ৮৩ মিনিটে এক গোল শোধ দিলেও ম্যাচ জিততে পারেনি ভ্যালেন্সিয়া।

রিয়ালের জয়
লা লিগার আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে ওসাসুনার সঙ্গে প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় রিয়াল মাদ্রিদের। ম্যাচের ৭৬ মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোল করেন এদের মিলিটাও। ৮০ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন কাসেমিরো।

ভিল্লারিয়ালের জয়
লা লিগার অন্য ম্যাচে দুর্দান্ত জয় হাসিল করেছে ভিল্লারিয়াল। গেটাফে-কে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাব। গ্রানাদাকে ১-০ গোলে হারিয়েছে কাডিচ। ভাল্লাডলিডের সঙ্গে ১-১ ফলাফলে ড্র করেছে রিয়াল বেটিস।

পয়েন্ট তালিকা
৩৪ ম্যাচ খেলে ৭৬ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার প্রথম স্থানে অবস্থান করছে আটলেটিকো মাদ্রিদ। সম পরিমাণ ম্যাচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্য়াচ খেলে ৭৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণে তৃতীয় স্থানে থাকতে হচ্ছে বার্সেলোনাকে।












Click it and Unblock the Notifications