এএফসি কাপে এটিকে মোহনবাগানকে খেলতে হবে মালদ্বীপে, কবে কার বিরুদ্ধে জেনে নিন
এএফসি কাপে গ্রুপ ডি-তে রয়েছে এটিকে মোহনবাগান। গ্রুপ পর্যায়ের ম্যাচগুলি খেলতে সবুজ-মেরুনকে যেতে হবে মালদ্বীপে। ১৮, ২১ ও ২৪ অগাস্ট গ্রুপ-ডি-র ম্যাচগুলি হবে।

এএফসি কাপে সবুজ মেরুনের গ্রুপে রয়েছে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং বাংলাদেশের গত মরশুমের ফেডারেশন কাপ জয়ী দল বসুন্ধরা কিংস। এই গ্রুপের চতুর্থ দল হতে চলেছে বেঙ্গালুরু এফসি অথবা মালদ্বীপের ক্লাব ঈগলস। ১৫ অগাস্ট সুনীল ছেত্রীর দল ঈগলসের বিরুদ্ধে প্লে অফ ম্যাচ খেলবে। এই ম্যাচের জয়ী দল গ্রুপ ডি-র চতুর্থ দল হিসেবে এএফসি কাপ খেলার সুযোগ পাবে।
এএফসি কাপে ১৮ অগাস্ট প্রথম ম্যাচে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি অথবা ঈগলস। ২১ অগাস্ট সবুজ মেরুন ব্রিগেডের সামনে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। ২৪ তারিখ শেষ ম্যাচ বসুন্ধরা কিংসের বিরুদ্ধে।
ইতিমধ্যেই এটিকে মোহনবাগান আগামী মরশুমের লক্ষ্যে শক্তিশালী দল গড়েছে। আইএসএলে রানার-আপ দল ইতিমধ্যেই সই করিয়েছে লিস্টন কোলাসো, আশুতোষ মেহতা, বিদ্যানন্দ সিং, অমরিন্দর সিং ও ফাল্গুনী সিংকে। এবারের ইউরোতে খেলা ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকো সবচেয়ে বড় চমক। আইএসএল চ্যাম্পিয়ন মুম্বই সিটির হুগো বুমোসকে নিয়েও মাঝমাঠ শক্তিশালী করে ফেলেছে হাবাসের দল। এদিকে, আজই সংস্কারের পর উল্টোরথের দিন পুজো-পাঠ সেরে আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন হল মোহনবাগান তাঁবু-র।












Click it and Unblock the Notifications