WPL 2024: হরমনপ্রীতকে ছাড়াই আরসিবিকে বিধ্বস্ত করল মুম্বই ইন্ডিয়ান্স, দখলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান
WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে দাপুটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স। সেই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করল তারা। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে তারা হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
চলতি উইমেন্স প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে ৬ পয়েন্টেও পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচের সেরা হয়েছেন অ্যামেলিয়া কের।

চোটের কারণে টানা দ্বিতীয় ম্যাচে খেলতে পারলেন না হরমনপ্রীত কৌর। যদিও তা বড় জয় পাওয়ার পথে অন্তরায় হয়নি। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্ব সামলানো ন্যাট সিভার-ব্রান্ট। নিয়ন্ত্রিত বোলিংয়ের সুবাদে স্মৃতি মান্ধানার আরসিবিকে ৬ উইকেটে ১৩১ রানে আটকে দেয় মুম্বই।
স্মৃতি মান্ধানা ও সোফি ডিভাইন- আরসিবির দুই ওপেনারই আউট হন ব্যক্তিগত ৯ রানে। পাঁচটি চারের সাহায্যে এলিস পেরি ৩৮ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন। ২০ বলে ২৭ রান করেন জর্জিয়া ওয়ারহ্যাম। ন্যাট সিভার-ব্রান্ট ও পূজা বস্ত্রকার দুটি করে উইকেট দখল করেন। ইসি ওং ও সাইকা ইশাক ১টি করে উইকেট পান।
জবাবে খেলতে নেমে ১৫.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। যস্তিকা ভাটিয়া ৩১ ও হেইলি ম্যাথুজ করেন ২৬। ন্যাট সিভার-ব্রান্ট তিনে নেমে ২৫ বলে ২৭ রান করেন। অ্যামেলিয়া কের ২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। ৬ বলে ৮ রানে অপরাজিত থাকেন পূজা।
২৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতার ফলে মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট হলো ৪ ম্যাচে ৬। দিল্লি ক্যাপিটালস ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে। ইউপি ওয়ারিয়রজ ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট আরসিবির, নেট রান রেট মাইনাস (-) ০.০১৫।












Click it and Unblock the Notifications