অনিশ্চিত শ্রেয়স, আইপিএল ২০২১-এ দিল্লি ক্যাপিটালসে মজুত সম্ভাব্য অধিনায়ক কারা?
আইপিএল ২০২১-এ দিল্লি ক্যাপিটালসে মজুত সম্ভাব্য অধিনায়ক কারা?
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পাওয়া শ্রেয়স আইয়ার ভারতের হয়ে চলতি সিরিজ তো বটেই, দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী আইপিএল খেলতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এহেন কঠিন পরিস্থিতি সমাল দিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার মতো শক্ত কাজ নামানোর মতো ক্রিকেটার রাজধানী শিবিরে মোট ক'জন আছেন, তা দেখে নেওয়া যাক।

অজিঙ্ক রাহানে
আইপিএলে এক সময় রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়া অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে দক্ষ হাতে দিল্লি ক্যাপিটালসকে পরিচালনা করতে পারবেন বলে মনে করছেন ক্রিকেট প্রেমীরা। অস্ট্রেলিয়াকে তাঁদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো নেতা রাহানে আইপিএলে অধিনায়কত্বের রেকর্ড অবশ্য ততটা আহামরী নয়।

স্টিভ স্মিথ
২০২০ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভ স্মিথ। হতশ্রী পারফরম্যান্সের কারণে প্রাক্তন অস্ট্রেলিয় অধিনায়ককে এবার দল থেকেই ছেঁটে ফেলা হয়। শ্রেয়স আইয়ারের অবর্তমানে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন হাতে পেলে আরও একবার নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন স্মিথ।

রবিচন্দ্রণ অশ্বিন
২০১৮ এবং ২০১৯ সালের আইপিএলে পাঞ্জাব কিংসকে (একদা কিংস ইলেভেন পাঞ্জাব) নেতৃত্ব দিয়েছেন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। মোট ২৮টি ম্যাচ খেলে ১২টিতে জয় হাসিল করেছিলেন এই ভারতীয় স্পিনার। তিনিও দিল্লি ক্যাপিটালসে শ্রেয়স আইয়ারের বিকল্প অধিনায়ক হতে পারেন।

পৃথী শ
সদ্য শেষ হওয়া বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। তরুণ পৃথ্বী শ-এর সুদক্ষ নেতৃত্ব এবং ব্যাটিং পারফরম্যান্সে তা সম্ভব হয়েছে। ফলে ২০২১ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের মুকুট ভারতীয় ওপেনারের মাথায় উঠতেই পারে।

আর যাদের সম্ভাবনা
শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রয়েছে উইকেটরক্ষক ঋষভ পন্থের। ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান এবং অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিও এই দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করেন ক্রিকেট প্রেমীদের একটা অংশ।












Click it and Unblock the Notifications