IPL 2021: ত্রিপাঠি-আইয়ারের বিধ্বংসী ব্যাটিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্মরণীয় জয় কেকেআরের
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সহজ জয় পেয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দ্বিতীয়ার্ধে টানা দ্বিতীয় জয় পেল ইয়ন মর্গ্যানের দল। অন্যদিকে, রোহিত শর্মার প্রত্যাবর্তনেও টানা দ্বিতীয় পরাজয় থেকে রক্ষা পেল না গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। ১৫.১ ওভারেই সাত উইকেটে জয় ছিনিয়ে নিল কেকেআর।
|
মধুর প্রতিশোধে তৃপ্তি
দুরন্ত ফর্ম ধরে রেখে এদিন আইপিএলে প্রথম অর্ধশতরান পূর্ণ করলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৫ বলে তিনি হাফ সেঞ্চুরি করেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের কোনও ব্যাটার হিসেবে এই অর্ধশতরানই দ্রুততম। এদিন ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন রাহুল ত্রিপাঠি। দলকে শেষ অবধি জয়ের লক্ষ্যে পৌছেও দেন চলতি আইপিএলে কেকেআরের সফলতম ব্যাটার। তবে অধিনায়ক ইয়ন মর্গ্যান সাতের বেশি করতে পারেননি। কলকাতা নাইট রাইডার্সের জেতার জন্য প্রয়োজন ছিল ১৫৬ রান। চলতি আইপিএলের প্রথম সাক্ষাতে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে হারতে হয়েছিল ১০ রানে। কিন্তু এদিন জয় এল সহজেই।
|
অস্বস্তিতে রোহিতরা
২০১৫ সাল থেকে শেষ ১৩টি সাক্ষাতে মুম্বইয়ের কাছে কেকেআর ১২টি ম্যাচেই হেরেছিল। গত বছর আবু ধাবিতে হারতে হয়েছিল দুটি ম্যাচেই। ফলে নিঃসন্দেহে এদিনের জন্য তৃপ্তিদায়ক। রাহুল ত্রিপাঠি অপরাজিত রইলেন ৪২ বলে ৭৪ রান করে। ম্যাচের পর তিনি জানান, কোচ ব্রেন্ডন ম্যাকালাম নির্দেশ দিয়েছিলেন পজিটিভ থাকার জন্য। সেই নির্দেশ মেনে দলকে জেতাতে পেরে খুশি। রোহিত শর্মার দল পয়েন্ট তালিকায় নেমে গেল ষষ্ঠ স্থানে। তবে এখনই খুব একটা উদ্বিগ্ন নন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। তাঁর কথায়, ভালো পিচে আমাদের শুরু ভালোই হয়েছিল। কিন্তু সেইমতো বড় রান তুলতে আমরা পারিনি। যে পার্টনারশিপ গড়ার দরকার ছিল আগের দিনের মতো এই ম্যাচেও সেটা হয়নি। ১৫৬ রানের পুঁজি নিয়ে জেতা কঠিন হবে বুঝেছিলাম, কারণ এই পিচ ব্যাটিং সহায়কই ছিল। আমাদের বোলিংও ভালো হয়নি। যে সব ক্ষেত্রে খামতি রয়েছে তা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব।
|
আইয়ার-ত্রিপাঠি ঝড়
জয়ের জন্য ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারে ১ উইকেটে ১১১ রান তুলে ফেলে কেকেআর। শুভমান গিল ১৩ রানে আউট হওয়ার পর কেকেআরের স্কোর ছিল ৩ ওভারে ১ উইকেটে ৪০। এরপর দ্বিতীয় উইকেটে ৮৮ রানের পার্টনারশিপ গড়েন ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠি। ১১.৪ ওভারে দলের ১২৮ রানের মাথায় ৩০ বলে ৫৩ করে প্যাভিলিয়নে ফেরেন আইয়ার। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৭৬.৬৬, চারটি চার ও তিনটি ছয় মারেন তিনি। শুরু থেকেই ছিলেন মারমুখী মেজাজে। রাহুল ত্রিপাঠির ইনিংসে রয়েছে আটটি চার ও তিনটি ছয়। রাহুলের এদিনের স্ট্রাইক রেট ১৭৬.১৯। ৯ ম্যাচে তাঁর মোট রান ২৬১, গড় ৩৭.২৮, স্ট্রাইক রেট ১৪৫। ২৯ বল বাকি থাকতে ম্যাচ জেতে কেকেআর। ৪ ওভারে ৪৩ রানে তিনটি উইকেটই পেয়েছেন জসপ্রীত বুমরাহ। ৯ ম্যাচে কেকেআরের পয়েন্ট ৮, মুম্বই ইন্ডিয়ান্সেরও আট। কিন্তু রোহিতের দল নেট রান রেটের কারণে চলে গেল ছয়ে। সানরাইজার্স হায়দরাবাদ বাদে বাকি সব দলই রইল শেষ চারের দৌড়ে। ৪ ওভারে ২০ রানের বিনিময়ে আইপিএলে সপ্তমবার রোহিত শর্মাকে আউট করে ম্যাচের সেরা হয়েছেন সুনীল নারিন।
(ছবি- বিসিসিআই/আইপিএল)












Click it and Unblock the Notifications