বিসিসিআইকে মা-দিদি হারানো বেদার ধন্যবাদ বার্তায় ম্লান লিসার আবেগপ্রবণ উদ্যোগ
বিসিসিআইকে মা-দিদি হারানো বেদার ধন্যবাদ বার্তায় ম্লান লিসার আবেগপ্রবণ উদ্যোগ
কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য বিসিসিআই ও বোর্ড সচিব জয় শাহকে বিশেষভাবে ধন্যবাদ জানালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অল রাউন্ডার বেদা কৃষ্ণমূর্তি। তাতে প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার লিসা স্থলেকরের বিবৃতি যে কিছুটা হলেও অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। যিনি তিন দিন আগেই বেদার প্রতি বিসিসিআইয়ের বিমাতৃসুলভ আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন।
|
কী লিখেছেন বেদা
মঙ্গলবার এক টুইট বার্তায় বেদা কৃষ্ণমূর্তি লিখেছেন যে গত এক মাস ধরে তিনি এবং তাঁর পরিবার কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়েছেন। এই সন্ধিক্ষণে বিসিসিআই সচিব জয় শাহের ফোন এবং সর্বোতভাবে পাশে দাঁড়ানোর আশ্বাস তাঁর মনে জোর বাড়িয়েছে বলে লিখেছেন ভারতের মহিলা ক্রিকেট দলের অল রাউন্ডার। এই সমর্থনের জন্য জয় শাহ এবং বিসিসিআইকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন বেদা।

জাতীয় দল থেকে বাদ বেদা
আগামী ইংল্যান্ড সফরের জন্য ভারতের মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিসিআই। মিতালী রাজ ও হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন যথাক্রমে ওয়ান ডে ও টি২০ শিবির থেকে বেদা কৃষ্ণমূর্তিকে বাদ দেওয়া হয়েছে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেটারের হয়ে কলম ধরেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অল রাউন্ডার লিসা স্থলেকর।

কী বলেছিলেন লিসা
এক সোশ্যাল মিডিয়া বিবৃতিতে লিসার লিখেছিলেন, কোনও সঙ্গত কারণেই হয়তো বেদা কৃষ্ণমূর্তিকে ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ার প্রেক্ষিতে জাতীয় দল থেকে বাদ পড়ার পর, করোনায় মা ও দিদিকে হারানো বেদার সঙ্গে বিসিসিআইয়ের যোগাযোগ করা উচিত ছিল বলে জানিয়েছিলেন লিসা। কঠিন সময়ে মহিলা ক্রিকেটারের প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড মোটেই সহানুভূতি দেখায়নি বলে দাবি করেছিলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অল রাউন্ডার।

জীবনের দুই স্তম্ভকে হারান বেদা
করোনা ভাইরাসে মাকে হারানোর দুই সপ্তাহের মধ্যে একই কারণে দিদিকেও হারান বেদা কৃষ্ণমূ্র্তি। জীবনের প্রধান দুই অবলম্বনকে হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে যাওয়া ভারতীয় অল রাউন্ডার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তাও লেখেন। সেই আবহে জাতীয় দল থেকে বাদ পড়াটা যে কর্নাটকীর কাছে বড় ধাক্কা, তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications