ইংল্যান্ড সফরের আগে বাড়িতেই কোভিড ১৯ টেস্ট বিরাটদের, থাকতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে
ইংল্যান্ড সফরের আগে বাড়িতেই কোভিড ১৯ টেস্ট বিরাটদের, থাকতে হবে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে
ইংল্যান্ডে উড়ে যাওয়ার আগে বাড়িতেই কোভিড ১৯ টেস্ট করতে হবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের। বিসিসিআইয়ের এক সূত্র মারফত এ কথা বলা হয়েছে। মুম্বই পৌঁছে ভারতীয় ক্রিকেটারদের কড়া কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে। টিম ইন্ডিয়ার প্রতি ক্রিকেটার যাতে করোনা ভাইরাসের প্রভাবমুক্ত হয়ে ইংল্যান্ড পৌঁছতে পারেন, তা নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

বাড়িতেই করোনা টেস্ট
আগামী ২ জুন ইংল্যান্ডগামী বিমান ধরবে ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআই নির্ধারিত সূচি অনুযায়ী তার আগে মুম্বই পৌঁছতে হবে বিরাট কোহলিদের। তারও আগে ভারতীয় টেস্ট দলের সদস্য, কোচ, সাপোর্ট স্টাফদের নিজ নিজ বাড়িতে কোভিড ১৯ টেস্ট করাতে হবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যদেরও করোনা টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে বলে খবর। কোনও ক্রিকেটার ও তাঁর পরিবারের কোনও সদস্যের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এলে তাঁকে মুম্বই আনা হবে না বলে বিসিসিআই সূত্রে খবর।
ছবি সৌজন্যে : বিসিসিআই

দুই সপ্তাহের কোয়ারেন্টাইন
বিসিসিআইয়ের এক সূত্র মারফত জানানো হয়েছে মুম্বইয়ের হোটেলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের। আইসোলেশন পর্ব শেষে বিরাট কোহলি, রোহিত শর্মাদের দুটি কোভিড ১৯ টেস্ট করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর। কারও রিপোর্ট পজিটিভ এলে, তাঁকে ইংল্যান্ডের বিমান ধরতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
ছবি সৌজন্যে : বিসিসিআই

ক্রিকেটারদের সাবধানে থাকার পরামর্শ
টিকা নিলেও সব সমস্যার সমাধান হয়ে যাবে না। করোনা ভাইরাস থেকে নিজেদের দূরে রাখতে ভারতীয় টেস্ট দলের সব সদস্যদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেছে বিসিসিআই। প্রয়োজনে ঘরেই বিরাট কোহলিদের শরীরচর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। টিম ইন্ডিয়ার প্রতি সদস্যকে কোভিড ১৯ মুক্ত অবস্থায় ইংল্যান্ডে পাঠানো লক্ষ্য বিসিসিআইয়ের।
ছবি সৌজন্যে : বিসিসিআই

টিকাকরণ চলছে
বিসিসিআইয়ের নির্দেশ মতো ইংল্যান্ড সফরের আগে কোভিড ১৯-এর টিকা নিচ্ছেন একে একে সব ভারতীয় ক্রিকেটার। কোভিশিল্ডের প্রথম শট নিয়েছেন বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহরা। টিকার পরের ডোজ ইংল্যান্ডেই নেবেন ভারতীয় টেস্ট দলের সদস্যরা।
ছবি সৌজন্যে : বিরাট কোহলির ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications