করোনা কালের জৈব সুরক্ষা বলয় নিয়ে সোজাসাপ্টা বিরাট বললেন যে কঠিন কথা
করোনা কালের জৈব সুরক্ষা বলয় নিয়ে সোজাসাপ্টা বিরাট বললেন যে কঠিন কথা
ঘরের মাটিতে ইংল্যান্ডকে দ্বিপাক্ষিক সিরিজে হারিয়ে আগামী আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন ভারতীয় ক্রিকেটাররা। জাতীয় দলের আন্তরিকতা ভুলে এবার একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামার প্রস্তুতি শুরু করেন রথী-মহারথীরা। করোনা ভাইরাসের আবহে জৈব সুরক্ষা বিধি মেনে চলবে ক্রিকেটারদের অনুশীলন। ম্যাচ চলাকালীনও জারি থাকবে সেই বিধি। তা যে ক্রিকেটারদের জন্য কতটা কঠিন, তা বললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

কী বললেন বিরাট
করোনা ভাইরাসের আবহে সরকার নির্ধারিত সুরক্ষ ও স্বাস্থ্যবিধি মেনে চলাকেই ধর্ম বলে মনে করেন বিরাট কোহলি। তা বলে এই আবহে মাসের পর মাসের জৈব সুরক্ষা বিধি অধীনে থাকাটা যে খুব একটা আনন্দের নয় বলে অকপটে স্বীকার করলেন ভারত অধিনায়ক। কোনও রাখঢাক না রেখেই দাবি করলেন, দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকার ফলে ক্রিকেটারদের মানসিক সমস্যা তৈরি হতে পারে। ফলে এই নিয়মে সামান্যতম পরিবর্তন চান বিরাট কোহলি। এ ব্যাপারে তিনি আশাবাদীও। আগামী আইপিএল থেকেই এই নিয়মে শিথিলতা চেয়েছেন ভারত তথা আরসিবি অধিনায়ক।

কবে থেকে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা
২০২০ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। তাতে অংশ নিতে অগাস্ট থেকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। টুর্নামেন্ট শেষ হতেই অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলতে উড়ে গিয়েছিলেন বিরাট কোহলিরা। সেখানে তাঁদের কড়া জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টাইন বিধি মেনে চলতে হয়েছে। এরপর দেশে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, টি২০ এবং ওয়ান ডে সিরিজ চলাকালীনও জৈব সুরক্ষা বিধি মেনে চলতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের।

আসছে ফের আইপিএল
ভারত বনাম ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ শেষ হতেই দেশে আইপিএলের দামামা বেজে গিয়েছে। করোনা ভাইরাসের আবহে এবার ভারতেই অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ লিগ। তার আগে আট দলের ক্রিকেটারদের জন্য স্বতন্ত্র জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে।

কবে থেকে শুরু আইপিএল
করোনা ভাইরাসের আবহে আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ২০২১ সালের আইপিএল। ৩০ মে পর্যন্ত চলবে টুর্নামেন্ট। ফাইনাল এবং প্লে-অফ সহ ৫২ দিনে মোট ৬০টি ম্যাচ খেলা হবে। দেশের ছয় শহরে (কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদ) হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি২০ লিগ।












Click it and Unblock the Notifications