T20 World Cup: আফগানিস্তানের সাফল্যে অবদান রয়েছে লারার! ক্যারিবিয়ান কিংবদন্তিকে কৃতিত্ব দিলেন রশিদ
টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে আফগানিস্তান। বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়লেন রশিদ খান, রহমাতুল্লাহ গুরবাজরা। প্রথমবারের জন্য টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন পাঠানরা। একদিনের বিশ্বকাপে একটুর জন্য সেমিফাইনাল হাতছাড়া হয়েছিল, তবে টি২০ ক্রিকেটে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলেন নবীন উল হকরা। ম্যাচের পর ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারাকে বিশেষ ধন্যবাদ জানালেন আফগান দলের তারকা রশিদ খান।
ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা টুর্নামেন্ট শুরু হওয়ার প্রায় এক মাস আগে আফগানিস্তানের টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর ভবিষ্যদ্বাণী করেছিলেন। অবশেষে মঙ্গলবার সকালে লারার কথাই সত্যি প্রমাণিত হল। অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো হেভিওয়েট দল ছিটকে গেলেও শেষ চারের টিকিট নিশ্চিত করল আফগানিস্তান।

লারা, গত মাসে সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে সা একটি আলাপচারিতায় ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আফগানিস্তান মেগা-ইভেন্টে সেমিফাইনালিস্টদের মধ্যে থাকবে। লারা তার টুর্নামেন্টের ফেভারিট বাছাই করার সময় বলেছিলেন, "আফগানিস্তান, তারা (শেষ) চারে উঠতে সক্ষম,"
আইসিসি টুর্নামেন্টে প্রথম বার সেমিফাইনালে আফগানিস্তান। এরপরই রশিদ খান বলেন, 'আমাদের সেমিফাইনালের কৃতিত্ব দিতে হবে ব্রায়ান লারাকে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি মনে করেছিলেন, আমরা সেমিফাইনালে যেতে পারি। তাঁর এই বিশ্বাস টুর্নামেন্টের শুরুতে তাতিয়েছিল। তাঁকে বিশেষ ধন্যবাদ। সত্যি বলতে, অনুভূতি প্রকাশের ভাষা নেই।'
এক দিনের বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার দৌড় থেকে অল্পের জন্য ছিটকে গিয়েছিল আফগানিস্তান। কিন্তু সে বার ইংল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে রশিদ খানেরা বুঝিয়ে দিয়েছিলেন আর তাঁদের হাল্কা ভাবে নেওয়া যাবে না। এ বারের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দেয় আফগানিস্তান।
সেমিফাইনাালে উঠার পর রশিদ খান জানিয়েছেন, "আমাদের স্বপ্ন ছিল বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা। আমরা যে ভাবে শুরু করেছিলাম নিউ জ়িল্যান্ডকে হারিয়ে তাতেই আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলাম। এটা অবিশ্বাস্য।" আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রশিদরা ইতিহাস সৃষ্টি করতেই আফগানিস্তানের রাস্তায় নেমে আসেন সমর্থকেরা। উল্লাসে মেতে ওঠেন তাঁরা। এই দিনটা আফগান ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথমবার বড় টুর্নামেন্টের সেমিফাইনাল যে কোনও দলের কাছেই স্পেশ্যাল হয়ে থাকবে।












Click it and Unblock the Notifications