Suryakumar Yadav: সূর্যকুমার যাদব নিলেন বড় সিদ্ধান্ত, লক্ষ্য টেস্ট দলে প্রত্যাবর্তন
Suryakumar Yadav: ভারতের টি২০ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সূর্যকুমার যাদব। এবার তাঁর লক্ষ্য টেস্ট দলে প্রত্যাবর্তন।
আর সেই লক্ষ্যেই সূর্য মনোনিবেশ করছেন প্রথম শ্রেণির ক্রিকেটে। মুম্বইয়ের হয়ে খেলবেন বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট টুর্নামেন্টে।

বিগত কয়েক বছরে দেখা গিয়েছে, ভারতের তারকা ক্রিকেটাররা নানা ছুতোয় এড়িয়ে যেতেন প্রথম শ্রেণির ক্রিকেটকে। শ্রেয়স আইয়ার ও ঈশান কিষাণকে এরপর কড়া ডোজ দেয় বিসিসিআই। কিষাণ ঝাড়খণ্ডের হয়ে নিয়মিত খেলার আশ্বাস দিয়েছেন।
আপাতত ঈশান কিষাণ ভারতীয় দলের বাইরে। শ্রেয়স আইয়ারের সঙ্গে তাঁকে বোর্ড কেন্দ্রীয় বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়ে শাস্তিও দেয়। শ্রেয়স অবশ্য গত মরশুমের রঞ্জিতে খেলেছিলেন। এবার সূর্যকুমার যাদবকেও নিয়মিত মুম্বইয়ের হয়ে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও স্পষ্ট জানিয়েছেন, তিনি এমন ক্রিকেটারদের পছন্দ করেন যাঁরা সব ফরম্যাটেই খেলেন। গত বছর সূর্যকুমার যাদবের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। ব্যর্থতার পর বাদ যান টেস্ট দল থেকে।
মুম্বই প্রি-সিজন বুচি বাবু আমন্ত্রণী ক্রিকেট প্রতিযোগিতায় খেলার জন্য মূলত তরুণ ক্রিকেটারদের রেখেই দল গড়েছিল। তবে তামিলনাড়ুতে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার যাদব।
তিনি মুম্বইয়ের নির্বাচকদের জানিয়েছেন, কয়েকটি ম্যাচ তিনি খেলতে চান। তবে অধিনায়ক বদলের দরকার নেই। সরফরাজ খানের নেতৃত্বেই খেলবেন সূর্য। ২৭ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে যে ম্যাচ রয়েছে তাতে খেলতে পারেন তিনি।
সূর্যকুমার যাদব একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি দেশের হয়ে তিনটি ফরম্যাটেই খেলতে চাই। আগামী মরশুমের জন্য লাল বলের টুর্নামেন্ট খেলার আগে বুচি বাবুতে ভালো প্রস্তুতি সেরে নিতে পারব।
সূর্য ভারতের টি২০ অধিনায়ক হলেও তাঁকে যে আপাতত ওডিআই টিম নিয়ে পরিকল্পনায় রাখা হচ্ছে তা স্পষ্ট জানিয়েছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। ভারত আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে। ফলে তার আগে টি২০ আন্তর্জাতিক না থাকায় সূর্য ঘরোয়া টুর্নামেন্টে নামছেন।
তবে শুধু সূর্যই নন, ভারতীয় দলে যখন যে ক্রিকেটাররা থাকবেন না তাঁদের ঘরোয়া টুর্নামেন্টে খেলতে হবে, সাফ বার্তা দিয়ে রেখেছে বিসিসিআই। বুচি বাবুর পরেই রয়েছে দলীপ ট্রফি। গত বছর জুলাই মাসে সূর্য দলীপ ট্রফিতে খেলেছিলেন। ৮২টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ৫৬২৮ রান রয়েছে। গড় ৪৩.৬২। শতরান রয়েছে ১৪টি, অর্ধশতরানের সংখ্যা ২৯টি।












Click it and Unblock the Notifications