নির্বাচকরা চাইছেন শ্রীলঙ্কার টি ২০ বিশ্বকাপের দলে, মালিঙ্গা জানালেন নিজের পরিকল্পনা
টি ২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে লসিথ মালিঙ্গার দিকেই তাকিয়ে শ্রীলঙ্কা। দেশের হয়ে গত বছরের মার্চে শেষ টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা মালিঙ্গাকে বিশ্বকাপের দলে রাখার সম্ভাবনার কথা জানিয়েছেন শ্রীলঙ্কার জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান প্রমোদিয়া বিক্রমাসিংঘে। মালিঙ্গা রাজি থাকায় ভারতের বিরুদ্ধেই ফের দেখা যেতে পারে শ্রীলঙ্কার এই স্পিডস্টারকে।

টি ২০ আন্তর্জাতিকে মালিঙ্গা
শ্রীলঙ্কার হয়ে ৮৪টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লসিথ মালিঙ্গা। ১০৭টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ছয় রানের বিনিময়ে পাঁচ উইকেট। গড় ২০.৭৯, ইকনমি ৭.৪২। টি ২০ আন্তর্জাতিকে মালিঙ্গা ছাড়া ১০০ বা তার বেশি উইকেট কারও নেই। টি ২০ ম্যাচ মালিঙ্গা খেলেছেন ২৯৫টি। ১৯.৬৮ গড়ে এবং ৭.০৭ ইকনমি রেখে মালিঙ্গার উইকেটসংখ্যা ৩৯০টি। টি ২০-তে সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় শীর্ষে আছেন ডোয়েইন ব্র্যাভো (৪৭৮টি ম্যাচে ৫১৮টি উইকেট)। দ্বিতীয় স্থানে সুনীল নারিন (৩৫৫ ম্যাচে ৩৯৩ উইকেট)-এর পরেই তৃতীয় স্থানে রয়েছেন মালিঙ্গা।

মালিঙ্গাকে নিয়ে ভাবনা
বিক্রমাসিংঘে জানিয়েছেন, ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছি। বয়স আর ফিটনেসকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এই দুটি বিষয় ভালো না হলে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য যে আসে না তা সফল দলগুলিকে দেখলেই বোঝা যায়। আমাদের প্রস্তুতিতেও তাই এই দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি। আমাদের দেশের শ্রেষ্ঠ বোলারদের মধ্যে অন্যতম লসিথ মালিঙ্গা। তিনিও আমাদের ভাবনাতে রয়েছেন। বিশেষ করে আগামী কয়েকটি সিরিজ ও টি ২০ বিশ্বকাপের পরিকল্পনায়। এ বছর ও সামনের বছর দুটি টি ২০ বিশ্বকাপ রয়েছে। সেই বিষয়ে কয়েকদিনের মধ্যেই মালিঙ্গার সঙ্গে আমরা কথা বলব।

মালিঙ্গা ও টি ২০
২০১৯ সালের জুলাই মাসে একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করলেও টি ২০ আন্তর্জাতিক নিয়ে তেমন কোনও ঘোষণা করেননি মালিঙ্গা। তবে গত বছর আইপিএল খেলেননি করোনা পরিস্থিতিতে। তাঁকে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়েও দেয়। গত জানুয়ারিতে মালিঙ্গা জানিয়েছিলেন তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর খেলবেন না।

মালিঙ্গার প্রতিক্রিয়া
বিক্রমাসিংঘের কথা জানার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে মালিঙ্গা বলেন, আমি টেস্ট ও ওয়ান ডে থেকে অবসর নিয়েছি। আমি জানার চেষ্টা করব সিনিয়র ক্রিকেটার হিসেবে জাতীয় দলে আমাকে কীভাবে নির্বাচকরা চাইছেন। আমার কেরিয়ার দেখলে দেখা যাবে অনেকদিন পর কামব্যাক করেও আমি দেশের হয়ে ভালো খেলেছি, দলের জয়ে অবদান রাখতে পেরেছি। তবে গত বছরের পর থেকে আমার কাছে কেউ জানতে চাননি আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। সব নির্বাচকমণ্ডলীই তাদের নীতি নিয়ে চলে যা আমরা সম্মান করি। বর্তমান নির্বাচকমণ্ডলীও যদি আমার সঙ্গে কথা বলতে চায় আমি রাজি। তাতেই ভবিষ্যতের রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে।












Click it and Unblock the Notifications