ভাগ্যে যা লেখা আছে...! টি২০ বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন গিল
টি২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়া শুভমান গিল স্পষ্ট জানালেন যে, তিনি নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান করেন। ভারতের ওয়ান ডে ও টেস্ট অধিনায়ক হওয়া সত্ত্বেও এই টুর্নামেন্টের জন্য তাঁকে বিবেচনা করা হয়নি।
ডানহাতি এই ব্যাটার ঠিক করেছেন যে, যখনই সুযোগ আসবে, দেশের জন্য নিজের সেরাটাই দেবেন।

গিল ৩৬টি আন্তর্জাতিক টি২০তে ২৮.০৩ গড়ে ৮৬৯ রান করেছেন, স্ট্রাইক রেট ১৩৮.৫৯। কাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টি২০ বিশ্বকাপের দলে না থাকা নিয়ে তিনি মুখ খোলেন।
গিল দৃঢ়তার সঙ্গে বলেন, "আমি যেখানে থাকার কথা, সেখানেই আছি এবং ভাগ্যে যা লেখা আছে, তা কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না।" টি২০ বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে তিনি যোগ করেন, "একজন খেলোয়াড় হিসেবে আমি সব সময় দেশের জন্য সেরাটা দিতে চাই। নির্বাচকদের তাঁদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আমি সব সময় বর্তমান মুহূর্তে বাঁচতে পছন্দ করি, আর এতে জীবন আরও সহজ হয়।"
আগামী ৭ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতীয় দল তিনটি ওয়ান ডে এবং তিনটি টি২০ ম্যাচ খেলবে। এই প্রসঙ্গে গিল বলেন, "শেষবার যখন নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে খেলেছিলাম, তখন সেটা ছিল আমার অভিষেক ম্যাচ। সেই স্মৃতি সব সময় মনে থাকবে।"
শুভমান গিল মনে করেন না যে ক্রিকেটের কোনও ফরম্যাটই সহজ। তিনি ব্যাখ্যা করে বলেন, "আমার মনে হয় না কোনও ফরম্যাট সহজ। ভারতীয় দল ২০১১ সালের পর থেকে ওয়ান ডে বিশ্বকাপ জেতেনি। এটি বলা যত সহজ, কোনও ফরম্যাটে সফল হওয়া ততটা নয়, এর জন্য অনেক প্রচেষ্টা ও দৃঢ় সংকল্প লাগে।"
গত নভেম্বরে শুভমান গিল ঘাড়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট এবং এরপরের ওয়ান ডে সিরিজে খেলতে পারেননি। ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তিনি এই চোট পান। এর জেরে তাকে দুই দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল।
চোটের কারণে অধিনায়ক হিসেবে দলের বাইরে থাকা প্রসঙ্গে গিল বলেন, "দলের খেলা বাইরে থেকে দেখা এবং নিজে খেলতে না পারাটা কখনও সহজ নয়। একজন অধিনায়ক হিসেবে আপনার অনেক কিছু করার থাকে এবং ধারাবাহিকতা বজায় রেখে সেটিকে আরও উন্নত করে তোলা জরুরি।"
ফরম্যাট পরিবর্তনের সময় প্রস্তুতির গুরুত্বের ওপর বিশেষ জোর দেন গিল। তিনি বলেন, "গত দুটি টেস্ট সিরিজে আমাদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিতলেও তাতে খুব বেশি পার্থক্য আসত না। আমার কাছে প্রস্তুতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।"
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, "দক্ষিণ আফ্রিকা এবং নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেও পর্যাপ্ত সময় পাইনি আমরা।" গিল আরও যোগ করেন, "সাদা বলের ক্রিকেট থেকে লাল বলের ফরম্যাটে পাল্টানোর সময় কিছুটা প্রস্তুতির সময় পেলে বেশ সুবিধা হয়।"












Click it and Unblock the Notifications