বাংলাদেশি ক্রিকেটারের বিয়েতে মোবাইল চুরি, হাতাহাতি, গ্রেফতার ২
বাংলাদেশি ক্রিকেটারের বিয়েতে মোবাইল চুরি, হাতাহাতি, গ্রেফতার ২
বাংলাদেশ ক্রিকেট দলের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারের বিয়েতে সাতটি মোবাইল চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে বিয়ের আসরে হাতাহাতিতে আহত হয়েছেন ক্রিকেটারের বড় ভাই সহ বেশ কয়েকজন আত্মীয়। ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের খুলনা ক্লাবে সে দেশের জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারের বিয়ে উপলক্ষ্যে ছাদনাতলা তৈরি করা হয়েছিল। ভিড়ে ঠাসা গেট দিয়ে বিয়েবাড়িতে প্রবেশের সময় দীনবন্ধু মিত্র নামে এক বরযাত্রীর মোবাইল চুরি হয়ে যায় বলে অভিযোগ। এরপরেই সৌম্যর বাবা, বন্ধু আলি সহ আরও ছয় জন মোবাইল হারান বলে জানিয়েছেন ক্রিকেটারের মামা স্বদেশ কুমার সরকার। চোরদের হাতেনাতে ধরে ফেললে খুলনা ক্লাবের কর্মচারীরা বরযাত্রীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। দুই পক্ষের হাতাহাতিতে সৌম্য সরকারের বড় ভাই প্রণব গুরুতর আহত হন বলে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটার পর চুরি যাওয়া একটি মোবাইলে কল করলে ভরা বিয়েবাড়িতে সেটি বেজে ওঠে। যার কাছে পাওয়া যায় সেই মোবাইল, তাকে আটক করে তল্লাশি চালিয়ে বাকি মোবাইলের হদিশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনায় গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে। উত্তেজনা সামাল দিতে খুলনা ক্লাবে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল। আন্তর্জাতিক স্তরে নাম কুড়ানো ক্রিকেটারের বিয়েতে এমন ঘটনা কেন ঘটবে, সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। পুলিশের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগও তোলা হয়েছে।












Click it and Unblock the Notifications