রোহিত শর্মা বিশ্বরেকর্ডের দোরগোড়ায়! গাপটিলকে টপকানোর পাশাপাশি পাকিস্তানের কীর্তি ছোঁয়ার হাতছানি
রোহিত শর্মার ভারত আজ মোহালিতে মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের রেকর্ডটি ইতিমধ্যেই রয়েছে হিটম্যানের দখলে। আজ আরও একটি বিশ্বরেকর্ড তিনি স্পর্শ করার মুখে, এমনকী সেটি ভেঙে দেওয়াও অসম্ভব নয়। টি ২০ আন্তর্জাতিকের সেই রেকর্ডটি ভাঙতে গেলে রোহিতকে টপকাতে হবে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের কীর্তি।

সর্বাধিক ছক্কার নজির
টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি নিজের দখলে নিতে দুটি ওভার বাউন্ডারি প্রয়োজন হিটম্যানের। মার্টিন গাপটিল ১২১টি টি ২০ আন্তর্জাতিকে ১৭২টি ছয় মেরেছেন। রোহিত খেলেছেন ১৩৬টি টি ২০ আন্তর্জাতিক। তাঁর ছয়ের সংখ্যা ১৭১। টি ২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি রয়েছে ক্রিস গেইলের দখলে, তিনি ১০৫৬টি ছয় মেরেছেন। রোহিত টি ২০ কেরিয়ারে ৪৫১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি ম্যাচে ১৬টি ইনিংসে ব্যাট করেছেন। ২ বার অপরাজিত থেকে তাঁর মোট রান ৩১৮, সর্বাধিক অপরাজিত ৭৯। তিনটি অর্ধশতরান রয়েছে। ভারতের মাটিতে ৪৯টি টি ২০ আন্তর্জাতিকে ৪৮ ইনিংসে তিনি ১২৯৪ রান করেছেন, তিনটি শতরান ও ৬টি অর্ধশতরান রয়েছে।

দলগত রেকর্ড
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভারত অধিনায়ক হিসেবেও নয়া নজির গড়তে পারেন রোহিত শর্মা। ভারত যদি এই সিরিজে দুটি ম্যাচ জেতে তাহলে ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক টি ২০ আন্তর্জাতিক জয়ের রেকর্ডটি চলে যাবে ভারতের দখলে। আর দুটি ম্যাচ জিতলে চলতি ক্যালেন্ডার ইয়ারে ভারত ২১তম টি ২০ আন্তর্জাতিকে জয়লাভ করবে। পাকিস্তান গত বছর ২০টি টি ২০ আন্তর্জাতিক জিতেছিল। ফলে আজ ভারত মোহালিতে জিতলে পাকিস্তানের সেই রেকর্ডটি স্পর্শ করে ফেলবে।

টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক চার
র্টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি চার মারার নিরিখে রোহিত এই মুহূর্তে বিশ্বে দ্বিতীয়। তিনি মেরেছেন ৩২৩টি চার, আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের রয়েছে ৩৪৪টি চার। টি ২০ বিশ্বকাপের আগে সেই রেকর্ডটিও রোহিতের দখলে চলে আসতে পারে। বিরাট কোহলি টি ২০ আন্তর্জাতিকে চার মেরেছেন ৩১৯টি, মার্টিন গাপটিলের রয়েছে ৩০৬টি। এই চারজন বাদে বিশ্বের কোনও ব্যাটার টি ২০ আন্তর্জাতিকে তিন শতাধিক চার মারতে পারেননি।

সর্বাধিক রানের দৌড়ে
রোহিত শর্মা টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রানের মালিক। তবে তিনি যদি অস্ট্রেলিয়া সিরিজে রান না পান এবং বিরাট কোহলি সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে সেই রেকর্ডটির দখল নিতেই পারেন কিং কোহলি। রোহিত ১৩৬টি ম্যাচে ৩৬২০ রান করেছেন। বিরাট কোহলি খেলেছেন ১০৪টি টি ২০ আন্তর্জাতিক, তাঁর রান ৩৫৮৪। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে রোহিত ও বিরাটের রানের ব্যবধান ৩৬। তিনে থাকা মার্টিন গাপটিলের সংগ্রহ ৩৪৯৭।












Click it and Unblock the Notifications